ফরিদপুরে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

তারেকুজ্জামান, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে।
বৃহস্পতিবার সকাল নয়টায় জেলার শেখ জামাল স্টেডিয়াম সংলগ্ন স্মৃতিস্তম্বে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।
এসময় শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো: শাহজাহান, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
এরপর ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জনাব মোঃ ইয়াসিন কবির এর সভাপতিত্বে সকাল দশটায় শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক জনাব কামরুল আহসান তালুকদার ।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ শাহজাহান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ , সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের যে অবদান ও আত্মত্যাগ তা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
এ সময় বক্তারা বলেন- জাতির মহান সন্তানেরা তাদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের যে স্বাধীন ও সার্বভৌম দেশ দিয়ে গেছেন তার অক্ষুণ্ণতা রক্ষা ও উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে আমাদেরকে অবশ্যই স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে হবে।
কতিপয় স্বাধীনতা বিরোধী শক্তি সব সময়ই দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করা ও শান্তি শৃঙ্খলা বিনষ্টের পায়তারা চালিয়ে যাচ্ছে,আমাদেরকে এই সব অপ শক্তির হাত থেকে দেশ ও দেশের মানুষকে বাচাঁতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তরুণ প্রজন্মের মাঝে শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে হবে।


