আজ বিজয়ের ৫২ বছর পূর্তি

আপডেট: December 16, 2023 |
bijoy dibos
print news

আজ মহান বিজয়ের ৫২ বছর পূর্তি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীন হয় লাল-সবুজের দেশ, আমাদের প্রিয় বাংলাদেশ।

অনেক ত্যাগের বিনিময়ে এসেছে এ প্রার্থীত বিজয়। লাখ লাখ মানুষের উৎসর্গিত জীবন, মা-বোনের লুণ্ঠিত ইজ্জত ও শ্রেষ্ঠ সন্তানদের খুনের দামে পাওয়া এ স্বাধীনতা।

এ দিনে পাক বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমেই ১৯৭১ সালের ২৬ মার্চ শুরু হওয়া স্বাধীনতার লড়াই বিজয়ের পূর্ণতায় ধরা দেয় বাংলার মানুষের কাছে। এর আগে ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিলেন। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানি দখলদার বাহিনী এই দিনে যৌথবাহিনীর (মুক্তিবাহিনী ও ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের) কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল।

সেদিন ঢাকার কেন্দ্রস্থলে রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানের পক্ষে আত্মসমর্পণের দলিলে সই করেন জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি। তিনি যৌথবাহিনীর প্রধান জেনারেল জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেন। এ আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিবাহিনীর উপ-সর্বাধিনায়ক ও ডেপুটি চিফ অব স্টাফ গ্রুপ ক্যাপ্টেন আবদুল করিম খোন্দকার উপস্থিত ছিলেন। এরপর রাজনৈতিক নানা চড়াই-উৎড়াই পেরিয়ে এগিয়েছে বাংলাদেশ।

Share Now

এই বিভাগের আরও খবর