মাছুদ পারভেজ, গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
বুধবার (২০ ডিসেম্বর) বিকেল চারটার দিকে পৌরসভার মন্ডল বাড়ির চৌকিদার ভিটায় আবু সাঈদের নির্মাণধীন বাড়ির সেফটিক ট্যাংকি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, নেত্রকোণা জেলার সদর থানার দিঘজান গ্রামের সোনা মিয়ার ছেলে মো. মোখলেছ (৪৫) ও ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার জয়নাল আবেদিনের ছেলে মো. মাসুম (২৪)। তারা দুজনই পেশায় রাজমিস্ত্রী।
স্থানীয়রা জানান, গাজীপুরের শ্রীপুর পৌরসভার মন্ডল বাড়ির চৌকিদার ভিটায় আবু সাঈদের নির্মাণাধীন বহুতল ভবনের কাজ চলছে।
দুই মাস আগে ওই বাড়িতে একটি সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। নির্মাণ করা সেপটিক ট্যাংকের ভেতরে সাটারিং এর বাঁশ ও কাঠ খুলতে বুধবার সকালে মোখলেছ ও মাসুম ভেতরে নামে।
দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও তাদের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে তাদের এক সহকর্মী মোখলেছের মোবাইল কল দিয়ে তা বন্ধ পায়।
এরপর সহকর্মী রুহুল আমিন বিকেলে সেপটিক ট্যাংকের পানির মধ্যে তাদের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ট্যাংকি থেকে তুলতে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেয়।
পরে তারা ঘটনাস্থলে গিয়ে সেফটিক ট্যাংকির ভেতর থেকে মরদেহ উদ্ধার করে আনেন।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাহবুবুর রহমান জানান, শ্রীপুর থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে সেফটিক ট্যাংকির ভেতর থেকে দুই নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আমরা ধারণা করছি বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হতে পারে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শাখাওয়াত হোসেন বলেন, সেপটিক ট্যাংকের ভেতর থেকে শ্রমিকদের মরদেহ তুলে এনেছে ফায়ার সার্ভিস। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/