রাজধানীর শান্তিনগরে হাবীবুল্লাহ্ বাহার ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এসময় তিনি বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে তিনি ভোট দিতে কেন্দ্রে আসেন। নিজের ভোট দিয়ে আনন্দ প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার।
এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা। নির্বাচন নিয়ে মানুষের অনাস্থা কাটাতে ভোটের দৃশ্যমান স্বচ্ছতা তুলে ধরার আহ্বান জানালেন প্রধান নির্বাচন কমিশনার।
তিনি বলেন, আমি আপনাদের অনুরোধ করব ভোটের দৃশ্যমানতা ও স্বচ্ছতা যতটা তুলে ধরা যায়। ভোট নিয়ে যদি মানুষের মধ্যে কোনো অনাস্থা থাকে, সেই অনাস্থা যেন ক্রমন্বয়ে কেটে যায়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটারের উপস্থিতি কম কি বেশি, সেটা আমি কিছুই জানি না। আমি এসে আমার ভোট টা দিয়ে গেছি এতোটুকুই জানি।
‘তবে শেষ পর্যন্ত অপেক্ষা করুন, দেখবেন,’ বলেন প্রধান নির্বাচন কমিশনার।
চলমান সহিংসতার কারণে ভোটার উপস্থিতি কম হবার শঙ্কা করছেন কি- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ওগুলো নিয়ে কোনো চিন্তা-ভাবনা করি না। আমার কাজ ভোট আয়োজন করা।
‘কে ভোট দিতে আসবেন কি আসবেন না, সহিংসতা হবে কি হবে না এগুলো নিয়ে... সহিংসতা নিয়ে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে।’
উৎসবমুখর পরিবেশে সকাল আটটা থেকে শুরু হয়েছে সারা দেশের ভোট গ্রহণ, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। প্রথম এক ঘণ্টার ভোট চলাকালে দেশের কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিন সকালেই ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভোট উৎসব শুরুর আগেই কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গম অঞ্চলসহ সারা দেশের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম। এবারই প্রথম ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পাঠানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/