কোপা দেল রের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। শিরোপা ধরে রাখার লড়াইয়ে দাপটে জয় পেয়েছে কার্লো আনচেলোত্তির দল। চতুর্থ বিভাগের দল আরানদিনাকে হারিয়েছে ৩-১ গোলে। এ জয়ে কোপা দেল রের শেষ ষোলোয় নিশ্চিত করেছে মাদ্রিদের অভিজাতরা।
শক্তিতে রিয়ালের চেয়ে যোজন দুরত্বে পিছিয়ে আরানদিনা। প্রথম পছন্দের একঝাঁক তারকাকে সাইডবেঞ্চে বসিয়ে রেখে দল গড়েছিলেন কার্লো আনচেলোত্তি। তারকা খেলোয়াড়দের ছাড়া একাদশ গড়েও রিয়ালের জয় পেতে অবশ্য কোনো বেগ পেতে হয়নি। আধিপত্য দেখিয়ে খেলেই পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে লস ব্লাংকোসরা।
প্রথমার্ধটা যদিও তাদের গোল বঞ্চিত করে রেখেছিল আরানদিনা। অবশেষে ৫৪ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে রিয়ালকে এগিয়ে নেন জোসেলু। পরের মিনিটে ব্রাহিম ডিয়াজের গোলে দ্বিগুণ হয়েছে ব্যবধান। এরপর অতিরিক্ত সময়ে রোদ্রিগোর গোলে স্কোর হয় ৩-০।
মিনিটে দুয়েক পরে রিয়ালের নাচো নিজেদের জালে বল জড়ালে হারের ব্যবধান কমে আরানদিনার।
এই ম্যাচ দিয়ে রিয়াল মাদ্রিদ জার্সিতে অভিষেক হয়েছে তুর্কি প্লে-মেকার আরদা গুলেরের। ফেনারবাখে ছেড়ে গত গ্রীষ্মেই মাদ্রিদে পাড়ি জমিয়েছিলেন তিনি। কিন্তু চোটের জন্য অভিষেক হল বিলম্বে। গোলের সুযোগও পেয়েছিলেন তিনি।
কিন্তু গোল করে শুরুটা রাঙিয়ে নিতে পারেননি গুলের। গোল করতে না পারলেও গুলেরের খেলায় খুশি রিয়াল কোচ আনচেলোত্তি,‘ শারীরিকভাবে যদিও সর্বোচ্চ স্তরে ছিল না। তবুও সে নিজের মান দেখিয়েছে। প্রথমার্ধে দারুণ খেলেছে। ওকে নিয়ে আমাদের ধৈর্য ধরতে হবে। ওর দারুণ ব্যক্তিত্ব আছে। এটা ভালো।’
জিতেছে মাদ্রিদের আরেক ক্লাব অ্যাতলেতিকোও। মেমফিস দেপাইয়ের জোড়া গোলে তৃতীয় বিভাগের দল লুগোকে ৩-১ গোলে হারিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। অন্যদিকে লা লিগার চলতি আসরের বিস্ময় জিরোনা ২-০ গোলে হারিয়েছে দ্বিতীয় বিভাগে খেলা এলচেকে। তবে আলাভেসের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে রিয়াল বেতিস। রেকর্ড ৩১ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা আজ মুখোমুখি হবে বারবাস্ত্রোর। ইএসপিএন
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/