গোল্ডেন গ্লোব-এর মঞ্চে ওপেনহাইমার সিনেমার বাজিমাত

ধারণা করা হচ্ছিল আগে থেকেই। প্রত্যাশা অনুযায়ী সাফল্যও এলো ওপেনহাইমারের ঝুলিতে। ৮১তম গোল্ডেন গ্লোব-এর মঞ্চে এ বছর বাজিমাত করল ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার।’ এবার মনোনয়নে যেমন নেতৃত্ব দিয়েছে ওপেনহাইমার, তেমনি পুরস্কারের মঞ্চেও জয়জয়কার সিনেমাটির।
এ বছর গোল্ডেন গ্লোবে ক্রিস্টোফার নোলান পেলেন সেরা পরিচালকের পুরস্কার। এদিকে সিলিয়ান মারফির ঝুলিতে উঠলো সেরা অভিনেতার পুরস্কার। সেরা অরিজিনাল স্কোর-এর পুরস্কার জিতেছেন লুডিং গ্রনসনস। সেরা সিনেমার পুরস্কারও পেয়েছে সিনেমাটি।
সবমিলিয়ে মোট ৫টি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতেছে ২০২৩ সালে সাড়া ফেলে দেওয়া এই সিনেমা।
৮ জানুয়ারি লস অ্যাঞ্জেলসের বেভারলি হিল্টনে অনুষ্ঠিত হচ্ছে গোল্ডেন গ্লোবস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ফিলিপাইন বংশোদ্ভূত আমেরিকান স্ট্যান্ড-আপ কমেডিয়ান জো কয়। মঞ্চে সেরা অভিনেতার পুরস্কার পেয়ে সিলিয়ান মারফি সকলের উদ্দেশে বলেন, ‘যেদিন ক্রিস্টোফার নোলানের সেটে পা রেখেছিলাম সেদিনই বুঝেছিলাম, আলাদা কিছু একটা ঘটতে চলেছে।
’ এরপর সকলকে ধন্যবাদ জানাতেই ‘স্ট্যান্ডিং ওভেশন’ দেওয়া হল সিলিয়ান মারফিকে।
অন্যদিকে, গতবছর একই সময়ে মুক্তি পাওয়া ‘বার্বি’ জিল সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট-এর পুরস্কার ঘরে তুলেছে। বক্স অফিসে ‘বার্বি’কে টেক্কা দিতে না পারলেও গোল্ডেন গ্লোবের মঞ্চে এগিয়েই রইল ওপেনহাইমার।
জে. রবার্ট ওপেনহাইমারের জীবনীর গল্প নিয়ে নির্মিত ‘ওপেনহাইমার’ ঘিরে ২০২৩ সালের সবচেয়ে বড় হিট একটি চলচ্চিত্র। বক্স অফিসেও দুর্দান্ত আয় করেছে এটি।
৯৫১ মিলিয়ন ডলার আয় করে বছরের সেরা আয়কারী সিনেমার তালিকায় রয়েছে ওপেনহাইমার। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিলিয়ান মারফি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট, ফ্লোরেন্স পুগ, রবার্ট ডাউনি জুনিয়র, ম্যাট ড্যামন, রামি মালেক, বেনি সাফডি, জোশ হার্টনেট, ডেন ডিহান, জ্যাক কায়েড, ম্যাথিউ মোডিন, ডিলান আর্নল্ড, ডেভিড ক্রুমহোল্টজ, অ্যালডেন ইহরেনরিচ, ডেভিড ডাস্টমালচিয়ান, অলি হায়াভি , জেসন ক্লার্ক, জেমস ডি’আর্সি, মাইকেল অ্যাঙ্গারানো, গাই বার্নেট, ড্যানি ডেফারারি, ম্যাথিয়াস শোয়েইফার, গ্যারি ওল্ডম্যান, হ্যারিসন গিলবার্টসন, এমা ডুমন্ট, ডেভন বোস্টিক, অলিভিয়া থার্লবি, ট্রন্ড ফাউসা, ক্রিস্টোফার ডেনহাম ও জোশ জুকারম্যান।
এ বছর অস্কারের দৌড়ে বেশ কয়েকটি ক্যাটাগরিতে লড়াইয়ের শীর্ষেই থাকবে ওপেনহাইমার।








