এ কে আজাদের নেতৃত্বে স্বতন্ত্রদের নিয়ে সংসদে বিরোধী দল গঠনের প্রস্তাব

আপডেট: January 10, 2024 |
inbound5063148738325291457
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-৩ (সদর) আসনে নির্বাচিত সংসদ সদস্য ব্যবসায়ী এ কে আজাদ আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর শহরে তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে জোট গঠন করে বিরোধী দলের নেতা হওয়ার প্রস্তাব পেয়েছেন।

স্বতন্ত্র জোট থেকে বিরোধী দল করা নিয়ে এমন প্রশ্নের জবাবে এ কে আজাদ বলেন, নেত্রীর (শেখ হাসিনা) আহ্বানে আমরা স্বতন্ত্র দাঁড়িয়েছে, আমরা আওয়ামী লীগের বাইরের কেউ না।

যদি নেত্রী মনে করেন আমাদের বিরোধী দল গঠন করা উচিত, তাহলে হবে। যেহেতু মাত্র ১১টি সিট পেয়েছে জাতীয় পার্টি, স্বতন্ত্র পেয়েছে ৬২টি সিট।

তিনি আরও বলেন, অলরেডি আমাকে অনেক বিদেশি ফোন করেছে যে আপনাকে নিয়ে চিন্তা করা হচ্ছে, আপনি বিরোধী দলের নেতা হতে রাজি আছেন কি-না।

আমি বলেছি যে, সবকিছুই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনাসাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, ওনার আলোচনার বাইরেতো আমরা যেতে পারব না।

বিরোধী দল কে হবে, তা নিয়ে ধােঁয়াশার মধ্যে আজ দুপুরেই সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন একটি ইঙ্গিত দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল কারা হবে, তা নির্ধারণ করছে স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্যদের অবস্থানের ওপর।

এক প্রশ্নের জবাবে তিনিও বলেছিলেন, স্বতন্ত্ররা যদি মনে করেন, তাঁরা সরকারের সঙ্গে না থেকে নিজেরা একটা মোর্চা করবেন। অবশ্যই তাঁরা সেটা করতে পারবেন।

তখন বিরোধী দল হিসেবে কাকে স্বীকৃতি দেওয়া হবে, সেটা জানা যাবে। কিন্তু আমার মনে হয়, বিরোধী দল হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য একটা নির্দিষ্টসংখ্যক আসন প্রয়োজন। স্বতন্ত্রদের যথেষ্ট আসন আছে। ৬২টি আসনে তাঁরা জয়ী হয়েছেন।

এ কে আজাদ দেশের শীর্ষ প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ২০১০ সালে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে ১ লাখ ৩৪ হাজার ৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিবন্ধী প্রার্থী শামীম হক নৌকা প্রতীকে পেয়েছেন ভোট ৭৫ হাজার ৮৯ ভোট। গুঞ্জন উঠেছে, তাকে বিরোধী দলের নেতা হিসেবে ভাবা হচ্ছে।

Share Now