এবার সংসদে শপথ নিলেন নবনির্বাচিত স্বতন্ত্র এমপিরা

আপডেট: January 10, 2024 |
Boishakhinews24 5
print news

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী স্বতন্ত্র প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথ পড়ান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এর আগে সকাল ১০টার দিকে দ্বাদশ সংসদের আওয়ামী লীগের সদস্যদের শপথ পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অন্য সংসদ সদস্যদের শপথের আগে বিধি অনুযায়ী নতুন সংসদ সদস্য হিসেবে প্রথমে শিরীন শারমিন নিজেই শপথ নেন। জাতীয় পার্টির সদস্যদের দুপুর ১২টায় শপথ নেওয়ার কথা রয়েছে।

এর গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর মঙ্গলবার নবনির্বাচিতদের তালিকা বা ফল সরকারি গেজেট আকারে প্রকাশ করে ইসি। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

সংবিধানের ১৪৮-এর ২(ক) ও ১২৩ অনুচ্ছেদের (৩) দফায় বলা হয়েছে, “সংসদ সদস্যদের সাধারণ নির্বাচনের ফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হইবার তারিখ হইতে পরবর্তী তিন দিনের মধ্যে এই সংবিধানের অধীন এতদুদ্দেশ্যে নির্দিষ্ট ব্যক্তি বা তদুদ্দেশ্যে অনুরূপ ব্যক্তি কর্তৃক নির্ধারিত অন্য কোনো ব্যক্তি যেকোনো কারণে নির্বাচিত সদস্যদের শপথ পাঠ পরিচালনা করিতে ব্যর্থ হইলে বা না করিলে, প্রধান নির্বাচন কমিশনার উহার পরবর্তী তিন দিনের মধ্যে উক্ত শপথ পাঠ পরিচালনা করিবেন, যেন এই সংবিধানের অধীন তিনিই ইহার জন্য নির্দিষ্ট ব্যক্তি।” এরপর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হয়। তবে ভোটের কত দিনের মধ্যে গেজেট হবে, সে বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শিরীন শারমিন চৌধুরী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে রংপুর-৬ আসন থেকে জয় লাভ করেন।

নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। ফলাফল ঘোষিত ২৯৮টি আসনের মধ্যে নৌকা প্রতীকে ২২২টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের পর সবচেয়ে বেশি আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ৬২ আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। যাদের প্রায় সবাই আওয়ামী লীগ নেতা। তবে ঢাকা-৪ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল হাইকোর্টে স্থগিত হওয়ায় এই আসনের বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন এদিন শপথ নিতে পারেননি।

এদিকে গত দুই মেয়াদে জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের আসনে বসা জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে।

এছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিকদের মধ্যে জাসদ একটি, ওয়ার্কার্স পার্টি একটি এবং বিএনপির জোট থেকে বেরিয়ে আসা কল্যাণ পার্টি একটি আসনে জয় পেয়েছে।

Share Now