ভোটারদের আস্থার প্রতিদান দিতে চান ফেরদৌস

দল ও ভোটাররা যে আস্থা রেখেছেন তার প্রতিদান দিতে চান প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েই নির্বাচিত ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ।
বুধবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
ফেরদৌস বলেন, আমার ওপর যে বিশ্বাস আস্থা দল ও ভোটারসহ এলাকাবাসী রেখেছেন তার প্রতিদান যেন দিতে পারি। কোনো কাজ বিঘ্নিত না হয় সে চেষ্টাই করে যাবো।
আমি যেন সততার সঙ্গে দেশের প্রতি, জনগণের প্রতি বিশেষ করে আমার ঢাকা-১০ আসনের নাগরিকদের জন্য অর্পিত দায়িত্ব পালন করতে পারি।
তিনি বলেন, ঢাকা-১০ এর আওয়ামী লীগ নেতাকর্মী ও বিশেষ করে ব্যারিস্টার তাপসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ঢাকা-১০ কে উন্নয়নে দশে দশ রাখার চেষ্টা করবো।
কয়েক বছর ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ফেরদৌস। দলের কর্মসূচীতে সক্রিয় অংশগ্রহণ ছিল তার। গত উপ-নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন চেয়েও পাননি। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল তাকে মূল্যায়ন করে ঢাকা-১০ আসনের নৌকার মাঝি হিসেবে।








