দুইদিনের সফরে আজ গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট: January 13, 2024 |
inbound6766228597124126485
print news

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শনিবার সকালে দুই দিনের সফরে গোপালগঞ্জে যাচ্ছেন। টানা চতুর্থ মেয়াদ ও পঞ্চমবারের মতো সরকার গঠনের পর সরকারপ্রধান হিসেবে এটা তার প্রথম সফর।

সফরে নিজ নির্বাচনী টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। তার এই সফর ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে।

শনিবার সকালে সড়কপথে ঢাকা থেকে টুঙ্গিপাড়া পৌঁছাবেন শেখ হাসিনা। টুঙ্গিপাড়া পৌঁছে প্রথমে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

পরে নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে তিনি জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা জানাবেন। এ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন।

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বিকালে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তিনি টুঙ্গিপাড়ার নিজ বাসভবনে রাত্রী যাপন করবেন।

পরদিন রোববার বিকালে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্সীসহ জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। শুভেচ্ছা বিনিময় শেষে ওই দিন তিনি সড়কপথে ঢাকায় ফিরবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলার বিভিন্ন সড়কে স্থাপন করা হয়েছে তোরণ। সড়কের দুপাশ দিয়ে টানানো হয়েছে রঙ-বেরঙের পতাকা।

Share Now

এই বিভাগের আরও খবর