মন্ত্রীদের নিয়ে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী

আপডেট: January 13, 2024 |
inbound3128313030624939438
print news

দুই দিনের সফরে গোপালগঞ্জে গেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শনিবার সকাল ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন সরকারপ্রধান।

এর আগে সকাল সোয়া ৯টার দিকে নিজের সরকারি বাসভবন গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন শেখ হাসিনা। সকাল দশটার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর পদ্মাসেতু অতিক্রম করে।

প্রধানমন্ত্রী তার দুদিনের সফরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং নির্বাচনী এলাকার দুই উপজেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন শেখ হাসিনা। এ সময় ৩ বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হবে।

পরে প্রধানমন্ত্রী পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুসহ ’৭৫- এর ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেবেন।

এরপরে নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। রাতে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন।

এরপর রোববার (১৪ জানুয়ারি) তার অপর নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় যাবেন। এদিন বিকেল ৩টায় কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন।

সেখানে নেতাকর্মীদের সঙ্গে দুপুরের খাবার খাবেন। পরে তিনি সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

আওয়ামী লীগ প্রধানের সফর উপলক্ষে রাস্তায় রাস্তায় ব্যানার, ফেস্টুন, তোরণ নির্মাণ করা হয়েছে। জেলাজুড়ে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই দিনের সফরে নিজের নির্বাচনি এলাকা গোপালগঞ্জে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ৭ জানুয়ারির নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে ২২২টিতে জিতে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ।

জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ নবনির্বাচিত ২৯৮ জন সংসদ সদস্য।

গত বুধবার সকাল ১০টায় পার্লামেন্টে সংসদ সদস্য হিসেবে প্রথমে শপথ গ্রহণ করেন বর্তমান স্পিকার শিরীন শারমীন চৌধুরী। এরপর তিনি শেখ হাসিনাসহ অন্য সংসদ সদস্যদের একসঙ্গে শপথ বাক্য পাঠ করান।

জাতীয় পার্টি ও স্বতন্ত্র হিসেবে বিজয়ীরাও শপথ নিয়েছেন। এতে বাংলাদেশে দ্বাদশ সংসদ গঠিত হয়।

পরদিন বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেয়। যেখানে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

নতুন মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও শ্রদ্ধা নিবেদন করেন তারা।

Share Now

এই বিভাগের আরও খবর