রাণীশংকৈলে ভিটামিনে সমৃদ্ধ প্রথমবারের মতো রঙিন বাঁধাকপির চাষ

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রচুর এন্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন ও ভিটামিন সি সমৃদ্ধ, ক্যান্সার ও আলসার প্রতিরোধী রঙিন বাঁধাকপি চাষ শুরু হয়েছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়।
দিনাজপুর অঞ্চলে টেকসই উন্নয়ন প্রকল্পের অধীনে প্রথম বারের মতো রঙিন বাঁধাকপি রুবি -কিং জাতের চাষ শুরু হয়েছে রানিশংকৈল উপজেলায়। দেখতে রঙিন সুন্দর ও স্বাদে হালকা মিষ্টি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জানা যায় যে,দিনাজপুর অঞ্চলে টেকসই উন্নয়ন প্রকল্পের অধীনে প্রথম বারের মতো রঙিন বাঁধাকপি রুবি -কিং জাতের উপজেলার উপ-সহকারী কৃষি অফিসারদের পরামর্শে কৃষি প্রদর্শনীর আওতায় কয়েকজন কৃষককে উদ্বুদ্ধ করে চাষাবাদ শুরু করা হয়।
এতে এই অঞ্চলের মাটি রঙিন বাঁধাকপি চাষে উপযোগী হওয়ায় বেশ সফলভাবেই চাষাবাদ করা যাবে বলে ধারণা করছেন কৃষি বিভাগ।
গবেষণায় দেখা গেছে রঙিন বাঁধাকপি ভিটা’মিন এ, সি, ও কে, সমৃদ্ধ। রঙিন শাকসবজিতে সবুজগুলোর তুলনায় ভি’টামিন বেশি থাকে, এই কপিতে চর্বি নেই বললেই চলে, পাশাপাশি এই কপি আলসার ও ক্যা’নসার প্রতিরোধে খুবই কার্যকরী। ফলে এটি খাওয়া মানবদেহের জন্য খুবই উপকারী।
স্বাভাবিক পরিবেশে কয়েক দিন সংরক্ষণ করা যায়। বাজারে এই রঙিন বাঁধাকপির চাহিদাও বেশি। যা সাধারণ কপির চেয়ে অনেক বেশি লাভ। দাম ও ফলন ভালো হওয়ায় স্থানীয় কৃষকরাও এ জাতের কপি চাষে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছেন।
উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর মধ্যপাড়া গ্রামের কৃষক আইনুল হক কৃষি অফিসের সহযোগিতা নিয়ে দ্বিগুণ লাভের আশায় প্রত্যন্ত গ্রামে ২০ শতাংশ জমিতে এই রঙিন বাঁধাকপি চাষ শুরু করেছেন ।
তিনি বলেন, কৃষি অফিসের পরামর্শ নিয়ে ২০ শতাংশ জমিতে প্রথমবারের মতো রঙিন বাঁধাকপির চাষ শুরু করি। আগামিতে আরো বেশি জমিতে এর চাষাবাদ করবো। রঙিন লাল বাঁধাকপি দেখতে সুন্দর।
ভিতরে টুকটুকে লাল ও স্বাদে কিছুটা মিষ্টি । এর চাহিদা অনেক বেশি হওয়ায় ব্যাপক লাভবান হওয়ার আশা করছেন তিনি। লাল বাঁধাকপি দেখতে লোকজন দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন।
উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা একরামুল করিম বলেন, উপজেলায় প্রথমবারের মতো রঙিন বাঁধাকপির চাষ হয়েছে। অন্য কৃষকরাও এ জাতের কপি চাষে আগ্রহ দেখাচ্ছেন।
রানিশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলাম জানান, দিনাজপুর অঞ্চলে টেকসই উন্নয়ন প্রকল্পের অধিনে প্রথম বারের মতো রঙিন জাতের বাঁধাকপি রুবি -কিং চাষ হয়েছে এই উপজেলায়।
এবছর আমাদের উপজেলায় মোট এক একর জমিতে এই রঙিন বাঁধাকপি চাষ হয়েছে।প্রচুর এন্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন ও ভিটামিন সি সমৃদ্ধ, ক্যান্সার ও আলসার প্রতিরোধী রঙিন বাঁধাকপি সবুজগুলোর তুলনায় ভি’টামিন বেশি থাকে।
আগামীতে এ উপজেলায় রঙিন বাঁধাকপি চাষ বাড়বে বলে ধারণা করছেন তিনি । রঙিন এই বাঁধাকপি পরিপক্ব ও বাজারজাত করতে ৮০-৯০ দিন সময় লাগে।


