গেল বছরের ২১ সেপ্টেম্বর সেন্সর বোর্ডে জমা পড়ে সাজ্জাদ খান পরিচালিত সিনেমা ‘কাঠগোলাপ’। এরপর ২৪ সেপ্টেম্বর বোর্ড ছবিটি দেখে। তবে দীর্ঘ সময় পার হলেও এখনো সেন্সর পায়নি সিনেমাটি। জানা যায়, সিনেমাটি প্রদর্শনের পর সেন্সর বোর্ডের একাধিক সদস্য প্রশংসা করেন।
বোর্ড সদস্যদের প্রশংসা কুড়ালেও অজানা কারণে সেন্সর ছাড়পত্র পায়নি সিনেমাটি। সিনেমাটি নিয়ে সেন্সর বোর্ডের এমন কালক্ষেপণে উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যরা।
জানা যায়, সম্প্রতি পরিচালক সমিতির সাধারণ সভায় বিষয়টি উত্থাপন করা হয়। সেখানে বিষয়টি দেখার জন্য পরিচালক সমিতির সভাপতি ও সেন্সর বোর্ডের সদস্য কাজী হায়াৎকে অনুরোধ করা হয়েছে।
বিষয়টি জানিয়ে পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন বলেন, “অনেক দিন ধরে সেন্সর বোর্ডে আকটে আছে ‘কাঠগোলাপ’। সিনেমাটি নিয়ে আমরা আমাদের বার্ষিক সাধারণ সভায় আলোচনা করি। এ সময় সেন্সর বোর্ডের সদস্য ও আমাদের পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ ভাইকে বিষয়টি দেখার অনুরোধ করি। তিনি বিষয়টি নিয়ে সেন্সর বোর্ডে কথা বলবেন।
আমরা প্রত্যাশা করছি খুব শিগগিরই সেন্সর ছাড়পত্র পাবে সিনেমাটি।”
এদিকে এই সিনেমাটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আটটি পুরস্কার জিতেছে। সেই ছবি প্রায় পাঁচ মাস ধরে বাংলাদেশের সেন্সর বোর্ডে পড়ে রয়েছে। মিলছে না ছাড়পত্র।
‘কাঠগোলাপ’-এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন অপূর্ণ রুবেল।
সিনেমাটিতে ভিন্ন ধরনের এক গল্প গল্পে উঠে এসেছে বলে জানা যায়। যেখানে অনেকগুলো মানুষের জীবনের গল্প আছে, কাঠগোলাপ যেমন প্রচুর সুবাস ছড়ায়; কিন্তু গোলাপের মতো এই ফুল সব জায়গায় পাওয়া যায় না! সিনেমায় যাদের গল্প বলা হয়েছে, তারা আমাদের সমাজে সুবাস ছড়াচ্ছে, কিন্তু তাদের সচরাচর দেখা যায় না। এমনটাই জানিয়েছেন সিনেমার এই গল্পকার।
এর আগে সিনেমাটির প্রযোজক ফরমান আলী কালের কণ্ঠকে জানান, গত ২১ সেপ্টেম্বর সেন্সর বোর্ডে জমা পড়ে ‘কাঠগোলাপ’। ২৪ সেপ্টেম্বর বোর্ড ছবিটি দেখে। বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু ফোন করে আমাকে জানান, ছবিটি সুন্দর হয়েছে, বিনা কর্তনে পাস। দু-এক দিনের মধ্যে ছাড়পত্র দেওয়া হবে। এখনো ছাড়পত্র পাইনি।’
‘কাঠগোলাপ’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মেঘলা মুক্তা, দিলরুবা দোয়েল, কেয়া, সুজন হাবিব, জামশেদ শামীম প্রমুখ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/