কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আবাহনী ও মোহামেডান

ফেডারেশন কাপে একইদিনে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আবাহনী ও মোহামেডান। বসুন্ধরা কিংস অ্যারেনায় আবাহনী আজ ৩-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে এবং গোপালগঞ্জে মোহামেডান ২-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। দুই দলেরই ৬ পয়েন্ট। চট্টগ্রাম আবাহনী ও ব্রাদার্সের হার দুই ম্যাচেই।
প্রিমিয়ার লিগে যেমনই হোক ফেডারেশন কাপে শুরু থেকেই দাপুটে আবাহনী। ব্রাদার্সকে ৬-০ গোলে হারে এবারের আসর শুরু করেছে গতবারের রানার্স আপ দলটি। আজও দাপুটে জয় চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে।
প্রথম গোল পেতে অবশ্য ৪৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়ে। আবাহনীর ষষ্ঠ বিদেশী হিসেবে এদিন অভিষিক্ত ব্রাজিলিয়ান ব্রুনো রোকা এদিন তাদের এগিয়ে দেন। বিরতির পরপরই এমেকা অগবাহর গোল ব্যবধান বাড়ায়। ৮৩ মিনিটে স্কোরশিটে নাম তোলেন ওয়াশিংটন ব্র্যান্দাও।
গোপালগঞ্জে গোলশূন্য প্রথমার্ধের পর ৬৬ মিনিটে মোহামেডানকে এগিয়ে দেন সৌরভ দেওয়ান। ভালিজনভ ওতাবেকের গোলে মিনিটে কয়েকের মধ্যেই অবশ্য সমতা ফিরিয়েছিল ব্রাদার্স। ৮৫ মিনিটে জাফর ইকবাল করেন জয়সূচক গোলটি।








