বিশ্বকাপে পাওয়া চোটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল বিভাগের পরামর্শে বিশ্রামে যান তাসকিন আহমেদ। এরপর জাতীয় দলের হয়ে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি এই ডানহাতি পেসার। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে ক্রিকেটে ফেরা তাসকিন ‘চাপ কমাতে’ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে চান না বলে জানা গেছে। এ জন্য বিসিবিকে একটি চিঠি দিয়েছেন তিনি।
সেই চিঠিতে কী লেখা জানতে চাইলে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস কালের কণ্ঠকে বলেন, ‘আমাদেরকে একটা চিঠি দিয়েছে, তবে সেখানে টেস্ট খেলবে না সেটা সে বলেনি। সে আপাতত এই সিরিজে খেলতে চাচ্ছে না বলে জানিয়েছে।’ আসন্ন শ্রীলঙ্কা সিরিজের তিন ফরম্যাটে খেলবেন না, নাকি শুধু দুই টেস্টের সিরিজ? এমন প্রশ্নে জালাল বলেন, ‘সাদা বলের দুই ফরম্যাটে খেলবে, তবে টেস্ট খেলতে চাচ্ছে না।’
তাসকিনকে বিশ্রাম দেওয়া হবে কি না এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ক্রিকেট বোর্ড।
তাসকিন সিলেট থেকে ঢাকায় ফিরলে তাঁর সঙ্গে আগে আলোচনা করবে বিসিবি। জালাল বলেন, ‘তাসকিন আগে ঢাকায় আসুক। এরপর নির্বাচকদের সঙ্গে বসবে।’
কিন্তু আলোচনা হচ্ছে, চোটের সঙ্গে সখ্য গড়ে ওঠা তাসকিন ক্রিকেট ক্যারিয়ার লম্বা করতে টেস্ট ক্যারিয়ার চালিয়ে যেতে চান না।
ব্যাপারটি অস্বীকার করলেন জালাল, ‘টেস্ট খেলতে চায় না, ব্যাপারটা এমন নয়, এটা আপাতত। সে এই সিরিজে বিশ্রাম চাচ্ছে।’
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/