সিংগাইরে চলাচলের রাস্তা বন্ধ করে ভবন নির্মাণের অভিযোগ

আপডেট: February 6, 2024 |
boishakhinews24.net 27
print news

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি :মানিকগঞ্জের সিংগাইরে পৌর এলাকায় একটি চলাচলের রাস্তা বন্ধ করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে জনৈক আওলাদ হোসেনের বিরুদ্ধে। তিনি উপজেলার পারিল নওয়াধা গ্রামের মোহাম্মদ মেঘু মিয়ার ছেলে।

সিংগাইর পৌর এলাকায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স রোডের ফায়ার সার্ভিস স্টেশনের উত্তর পাশে ঘোনাপাড়া মহল্লার ওই রাস্তাটি বন্ধ করায় আশপাশের সাধারণ মানুষ ও একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হওয়ার আশংকা করছেন ।

এ নিয়ে স্থানীয় বাসিন্দরা গণস্বাক্ষরিত লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের কাছে দায়ের করেছেন ।

মঙ্গলবার (৬ ফ্রেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে স্থানীয় বাসিন্দা ও অভিযোগকারীদের সাথে কথা বলে জানা গেছে, সিংগাইর পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের ঘোনাপাড়া-বকচর মহল্লার সংযোগ রাস্তাদিয়ে দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষ ও একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলাচল করে আসছে।

ওই রাস্তার পাশের একটি জমি ক্রয় করেন বলধারা ইউনিয়নের পারিল গ্রামের অভিযুক্ত আওলাদ হোসেন। জমিটি ক্রয় করার পর তিনি চলাচলের রাস্তাটি বন্ধ করে একটি ভবন নির্মাণ কাজ শুরু করেন।

ফলে ভোগান্তিতে পড়ে কয়েকটি মহল্লার মানুষ। এ ছাড়া জিজি মডেলের শতাধিক শিক্ষার্থীরাও ভোগান্তির শিকার হচ্ছে ।

বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলেন, এই রাস্তা দিয়ে আমরা সহজে স্কুলে আসা-যাওয়া করতাম। রাস্তাটি বন্ধ করাই খুবই অসুবিধা হচ্ছে। রাস্তাটি সচল রাখার দাবী জানান তারা।

জিজি মডেলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সরকার বলেন, রাস্তাটি বন্ধ করায় আশপাশের শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছে। ওই রাস্তা দিয়ে বকচর, বিনোদপুর ও নয়াপাড়া গ্রামের শিক্ষার্থীরা সহজে স্কুলে আসা-যাওয়া করতো। রাস্তাটি বন্ধ করায় শিক্ষার্থীদের চরম অসুবিধা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আখতারুজ্জামান সোহেল বলেন, রাস্তাটি সচল রাখার জন্য এলাকাবাসীর গণস্বাক্ষর দিয়ে উপজেলা প্রশাসনেরসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেয়া হয়েছে । এ নিয়ে তিনি ভয় – ভীতির মধ্যে রয়েছেন বলেও জানান।

এলাকার কতিপয় লোকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা স্বীকার করে আওলাদ হোসেন বলেন, আমার জায়গার উপর দিয়ে কি কারণে আমি রাস্তা দেব। রাস্তা নিলে আমার সাথে জোর না করে সমঝোতায় আসতে হবে।

পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। পৌরসভার নিয়ম অনুযায়ী ভবন নির্মাণে ৩ ফিট জায়গা রেখে কাজ করতে হবে । পৌরসভা থেকে চিঠি দিয়ে কাজ বন্ধ রাখার কথা বলা হয়েছে।

সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে গণস্বাক্ষরিত একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।

Share Now