তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের তালমা মোড়ের মাশাউজান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল থেকে আগুন লেগে বাসটি পুড়ে যায় বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।
নিহত রবিউল জেলা সদরের গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রামের কলম শেখের ছেলে। এ ঘটনায় একলাছ উদ্দিন শেখ নামের আরেক আরোহী আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। এ সময় বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: শরিফুল ইসলাম জানান, ‘সকালে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় একলাছ উদ্দিন শেখ নামের আরেক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় বাসটিতে আগুন ধরে যায়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন মারা গেছে।
ঘটনার পর বাসটিতে আগুন লেগে গেছে। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, মোটরসাইকেলের পেট্রল থেকে বাসে আগুন লাগে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/