নারীর কন্ঠে ফেসবুকে প্রতারণা, ঠাকুরগাঁওয়ে গ্রেপ্তার যুবক

আপডেট: February 18, 2024 |
boishakhinews24.net 95
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভারতীয় নারীর পরিচয় দিয়ে কথা বলে বিভিন্ন মানুষের কাছে অর্থ হাতিয়ে নেয়ার অপরাধে ঠাকুরগাঁওয়ে আজিম খান বিদ্যুৎ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

গ্রেফতারকৃত আজিম খান বিদ্যুৎ ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকার আব্বাস আলীর ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরো জানায়, বিভিন্ন সময় ভারতীয় নারীর পরিচয়ে একাধিক ফেইক ফেসবুক আইডি খুলে বাংলাদেশে বিশিষ্ট ব্যক্তিবর্গকে টার্গেট করে মেয়ের কন্ঠে সম্পর্ক তৈরী করতো বিদ্যুৎ।

এক পর্যায়ে সেই ব্যক্তিদের আপত্তিকর ভিডিও তৈরী করে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ভাইরালের ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিতো সে।

বিষয়টি জেলা পুলিশ অবগত হলে টেকনোলজি ব্যবহারের মাধ্যমে শনিবার ভোররাতে অভিযান চালিয়ে আজিম খান বিদ্যুৎকে তার শ্বশুড় বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার থেকে ভারতীয় সিম ও বেশ কিছু মোবাইলফোন জব্দ করা হয়। এসময় তিনি জিজ্ঞাসাবাদে তার অপরাধের বিষয়টি স্বীকার করেন।

এসময় তিনি আরো জানান, বালিয়াডাঙ্গী উপজেলায় চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার মোড়লহাট বোবড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে সাইফুল ইসলাম (২২), রায়মহল নেন্দপাড়া গ্রামের কিসমত আলীর ছেলে সোহেল রানা (২৪) ও সদর উপজেলার ভাওলাহাট (তেতুলিয়া) গ্রামের খোরশেদ আলমের ছেলে আব্দুর রহিম (৩২)

Share Now

এই বিভাগের আরও খবর