ডিএমপির ১৮ থানার ওসিকে ঢাকার বাইরে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১৮ জন পরিদর্শককে বদলি করা হয়েছে। বদলি করা ১৮ জন পুলিশ পরিদর্শক ডিএমপির বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গতকাল সোমবার পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম সই করা প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
মঙ্গলবার (১৩ আগস্ট) পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে সোমবার (১২ আগস্ট) পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম সই করা প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
বদলি পরিদর্শকদের মধ্যে আলোচিত যাত্রাবাড়ী থানার সাবেক ওসি বিএম ফরমান আলী, গুলশানের মাজহারুল ইসলাম, মতিঝিলের আবুল কালাম আজাদ, পল্টনের মনির হোসেন মোল্লা, শাহবাগের মোস্তাজিরুর রহমান ও পল্লবীর অপূর্ব হাসান রয়েছেন।
এদিকে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে ভারপ্রাপ্ত ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়। সোমবার (১২ আগস্ট) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এই তথ্য জানিয়েছে।
আদেশে বলা হয়, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গনিকে ডিএমপির লজিস্টিকস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত), অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে সদরদপ্তর ও ডিএমপির প্রশাসন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত), অতিরিক্ত উপপুলিশ কমিশনার প্রত্যুষ কুমার মজুমদারকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত), অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খানকে ডিএমপির মিরপুর বিভাগের (ট্রাফিক) উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত) এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জিয়াউদ্দিন আহম্মেদকে ডিএমপির গুলশান বিভাগের (গোয়েন্দা) উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত) হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া এই আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।
















