সমন্বয়ক পদ থেকে সরে গেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নূর নবী

আপডেট: August 17, 2024 |
inbound476681403915013777
print news

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘প্রধান সমন্বয়কের’ পদ থেকে সরে দাঁড়ালেন মো. নূর নবী।

তবে শিক্ষার্থীদের যেকোনো আন্দোলনে নিজে অংশ নেবেন বলেও জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এই শিক্ষার্থী।

শনিবার সকালে নিজের ফেসবুক আইডিতে (Md. Nur Novi) এই সংক্রান্ত একটি পোস্ট দেন তিনি।

পোস্টে নূর নবী বলেছেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে শুরু থেকেই সকল আন্দোলনের সাথে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেছি। এ ক্ষেত্রে আমাদের প্রাথমিক চাওয়াগুলো পূরণ হয়েছে বলে আমি মনে করি।

আমাদের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শহীদরা যে রক্ত দিয়েছেন তা এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি।

শহীদদের আত্মত্যাগে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে যেকোনো বৈষম্য বিরোধী আন্দোলনে আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবো, ইনশাআল্লাহ।’

নুর নবী লেখেন, ‘আজ থেকে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পদ থেকে নিজেকে সরিয়ে নিলাম।’

ছাত্রলীগের হামলা ও কারাগারে থাকার কথা উল্লেখ করে নুর নবী লেখেন, ‘ব্যক্তি স্বার্থবিহীন এই আন্দোলনে শুরু থেকেই মাঠে থেকেছি।

ময়দানে ছাত্রলীগের বর্বরোচিত হামলার শিকার হয়েছি, ময়দান থেকেই গুম হয়েছি এবং পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছি, কারাগারে গিয়েছি।

এই সব কিছুর উর্ধ্বে আপনাদের ভালোবাসা পেয়েছি। সে ভালোবাসার মর্যাদা রক্ষা করার জন্য আমি সর্বদা আপনাদের পাশে থাকব, ইনশাআল্লাহ।’

আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই নবীকে ‘শিবির’ আখ্যা দিয়ে ক্যাম্পাস থেকে ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হয়। ডিবি কার্যালয়ে নিয়ে অকথ্য নির্যাতনের পর ‘সাজানো’ মামলায় তাকে কারাগারে পাঠানো হয় বলেও অভিযোগ করেন তিনি।

গণআন্দোলনে সরকার পতনের পর গত ৬ অগাস্ট কারাগার থেকে মুক্তি পান নূর নবী। তারপর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কয়েক দিন।

পরে ৯ অগাস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে শহীদ মিনারে সংবাদ সম্মেলন করেন এই শিক্ষার্থী। ডিবি অফিসের নির্যাতনের বর্ণনা তিনি সেখানে তুলে ধরেন।

নবীকে ডিবি পুলিশ আটক করলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এগিয়ে নিতে এ বিশ্ববিদ্যালের কেন্দ্রীয় ইউনিট ঘোষিত ২৭ সদস্যের অফিসিয়াল সমন্বয়ক প্যানেলে সবার প্রথমে নবীর নাম রাখা হয়।

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঁচ সমন্বয়কও পদত্যাগ করেছেন শুক্রবার।

Share Now

এই বিভাগের আরও খবর