জয়পুরহাটে হাসিনা-কাদেরসহ ২১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

আপডেট: August 20, 2024 |
inbound7873210339454936978
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে আওয়ামী লীগের কর্মীদের ছোড়া গুলিতে মেহেদী (২৫) নিহত হওয়ার ঘটনায় নির্দেশদাতা শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাছান মাহমুদসহ ২১৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার জয়পুরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের স্ত্রী জেসমিন আক্তার সৃষ্টি  বাদী হয়ে এ মামলা দায়ের  করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের  জয়পুরহাট বারের সিনিয়র আইনজীবী এ্যাড. আব্দুল মোমিন ফকির।

তিনি জানান, মঙ্গলবার দুপুরে জয়পুরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের স্ত্রী জেসমিন আক্তার বাদী হয়ে শেখ হাসিনা-ওবায়দুল কাদের, হাছান মাহমুদ, জয়পুরহাটের সাবেক দুই এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন (হুইপ) সামছুল আলম দুদু, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডলসহ ২১৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন।

আদালতের ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে জয়পুরহাট থানাকে এজাহার হিসেবে নথিভুক্ত করতে নির্দেশ দেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

নিহত মেহেদীর বাড়ি সদর উপজেলার নতুনহাট শেখপাড়া মহল্লায় ।

তিনি পেশায় একজন অটোচালক। মামলার বাদী জেসমিন আক্তার বলেন, ৫ আগস্ট আমার স্বামী মেহেদী বাড়িতে অটো রেখে ছাত্র জনতার আন্দোলনে যোগ দিতে শহরে যায়। সেখানে আমার স্বামী মেহেদী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

আমি এই হত্যার বিচার চাই। আর যেন কেউ স্বামী হারা না হয়। নিহত মেহেদীর বোন সাবানা আক্তার বলেন, মেহেদীর হত্যার সুষ্ঠু বিচার চাই। আর যেন কোন বোনকে তার ভাইকে হারাতে না হয়।

Share Now