বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভোট ছাড়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক ধারায়, সংবিধান অনুযায়ী জাতিকে নির্বাচনের মুখোমুখি করতে হবে।
শুক্রবার (৩০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে স্বৈরাচারীর ফরমায়েশি সকল মামলা ও সাজা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান গণতন্ত্রের প্রতীক। বিএনপি গণতন্ত্রের প্রতীক। শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, আওয়ামী লীগ ফ্যাসিবাদের প্রতীক। এই ভিন্নতা যে বুঝতে পারবে না সে বাংলাদেশের রাজনীতিতে কি হচ্ছে না হচ্ছে তা বুঝতে পারবে না, ব্যাখ্যা করতে পারবে না।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে কৃষকদলের সাবেক এই আহ্বায়ক বলেন, মেহনতি মানুষের, সাধারণ জনগণের, রিকশা চালকের ভোটের অধিকারটা ফিরিয়ে দেন। তারা যেন ভোট দিয়ে তাদের প্রতিনিধিকে নির্বাচন করতে পারে এই অধিকারটা দেন।
তিনি বলেন, এই দেশটা আমাদের। আমাদেরকে এই দেশকে রক্ষা করতে হবে। চারপাশে কিছু দুষ্কৃতিকারী চাঁদাবাজি করার চেষ্টা করছে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন যারা চাঁদাবাজি করবে যারা দুষ্কৃতিকারী, তাদেরকে আইনের হাতে তুলে দেন।
এই জায়গায় কোন আপোস করা যাবে না। দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, অর্থনৈতিক স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, যারা দুষ্কৃতিকারী তাদের কোন ছাড় নাই। গত ১৭ বছর আমরা এদের বিরুদ্ধে আন্দোলন করে গিয়েছি এখন এদের সাথে কোন আপোষ নয়। তারা যেই হোক না কেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/