বরিশালে গ্রেপ্তার হলেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাকে জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ রাতে তাকে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।’
তিনি আরও জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি।
শনিবার রাতে সিআইডির একটি বিশেষ অভিযানিক দল বরিশালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ওই মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ২ নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন।
একই মামলায় ২২ নম্বর আসামি তৌহিদ আফ্রিদির বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে।
এ হত্যা মামলায় মোট ২৫ জন ছাড়াও অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।













