রাজধানীর আজিমপুরের দায়রা শরীফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের একটি বাসভবন ঘিরে রেখেছে যৌথবাহিনী।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাসাটি ঘিরে রাখতে দেখা যায়।
বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান বলেন, ‘দুপুর থেকে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী, এমন তথ্য জানতে পেরেছি। তবে অভিযানের বিষয়ে এর বেশি তথ্য আমাদের কাছে নেই।’
অভিযান সূত্রে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, হাজী সেলিমের ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে।
আরও জানা যায়, গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবনটিতে যেসব গাড়ি পাওয়া গেছে, তার মধ্যে সংসদ সদস্যের লোগো সংবলিত একটি গাড়ি রয়েছে। বাড়িটির ম্যানেজার গাড়িগুলো সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর হাজী সেলিম এবং তার বড় ছেলে সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম গ্রেফতার হয়ে কারাগারে আছেন। তার আরেক ছেলে ইরফান সেলিম পলাতক রয়েছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/