ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের অনিশ্চয়তা নেই: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।
গতকাল শুক্রবার (৩ অক্টোবর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আমাদের বার্তা একটাই, আমাদেরকে এখন গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের নেতা তারেক রহমান সাহেব যেভাবে নির্দেশ দিয়েছেন, সেইভাবে আমরা আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেব। গণতন্ত্র উত্তরণের এই বিষয়টাতে গোটা পৃথিবীর সমর্থন রয়েছে। বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের সমর্থনটা এখানে সম্পূর্ণভাবেই রয়েছে।
তিনি আরও বলেন, দেশের ইতিহাসে এটি বিরল ঘটনা যে সরকার প্রধান রাজনৈতিক নেতাদের সঙ্গে জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন।
জাতিসংঘের অধিবেশনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলাপ হয়েছে কি-না, এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, আমাদের সবার সঙ্গেই আলাপ হয়েছে। আর যারা গিয়েছেন তাদের সঙ্গে তো অবশ্যই আলাপ হবে, এটাই তো স্বাভাবিক।
তিনি আরও বলেন, জাতীয় ঐক্য প্রদর্শনের জন্যই সবাইকে নিয়ে এই সফর। জাতিসংঘের অধিবেশনের বাইরেও বিভিন্ন সভা হয়েছে। বিশেষ করে প্রবাসীদের উপস্থিতিতে, যা বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক।
নিউইয়র্কে বিমানবন্দরে আওয়ামী লীগ সমর্থকদের অপ্রীতিকর ঘটনার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এটা কোনো বিষয় না। আমরা এটাকে বড় করে দেখি না। বাংলাদেশে অতীতেও এমন ঘটনা ঘটেছে। এ ধরনের সমস্যা তৈরি করা আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতিরই অংশ।
প্রসঙ্গত, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন। তার সফরসঙ্গী হিসেবে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা।













