মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতার দাবিতে ‘লাগাতার অবস্থান’ কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
আন্দোলনকারীদের ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে সোমবার (১৩ অক্টোবর) থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ‘লাগাতার কর্মবিরতি’ পালনের সিদ্ধান্ত হলেও কোথাও তা পালিত হচ্ছে, কোথাও হচ্ছে না৷
এদিন সকালেও রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে শিক্ষক-কর্মচারীরা এ কর্মসূচি পালন করছেন।
জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজিজী গণমাধ্যমকে বলেন, আমাদের কাছে তথ্য এসেছে ৯০ ভাগ শিক্ষা প্রতিষ্ঠান কর্মবিরতি পালন করছে। কিছু কিছু প্রতিষ্ঠান পালন করছে না। তবে এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে।
শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা এবং কর্মচারী ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছে তিনি।
এদিকে ঢাকার বেশিরভাগ প্রতিষ্ঠানে ক্লাস চালু থাকার খবর মিলছে। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে সোমবার ক্লাস চলছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন শিক্ষকরা।
এছাড়া জানা গেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার টি আলী কলেজে ক্লাস চলছে। প্রভাষক শান্ত আলী গণমাধ্যমকে বলেন, আমাদের কলেজে কর্মবিরতি পালন করা হচ্ছে।
উপজেলার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ আছে। তবে কিছু শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস চালাচ্ছে। তবে চট্টগ্রামের রাউজানের গহিরা ডিগ্রী কলেজে কর্মবিরতি চলছে বলে জানিয়েছেন শিক্ষক মো. মাসুম।
এছাড়া ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বাগুটিয়া গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি চলছে বলে জানা গেছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/