আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)র আয়োজনে প্রয়াত কবি ফররুখ আহমদের স্মরণে জাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলা চত্বরে স্নেহা ইসলাম সামিয়া ও সাবিকুন নাহার সূচির সঞ্চালনায় বরেণ্য লেখক, গবেষক, চিন্তক, সম্পাদকদের পস্থিতিতে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফররুখ গবেষক ড. মাহবুব হাসান।
এতে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)র ভিপি আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপক খোরশেদ আলম ও সুমন সাজ্জাদ।
আলোচক হিসেবে ছিলেন গবেষক কাজল রশীদ শাহীন, মাহবুব মুকুল, বোরহান মাহমুদ, আবিদ আজম, মঈন মুনতাসীর ও ইমরান মাহফুজ। কবিতা পড়েছেন শাকিল মাহমুদ, দিদার মুহাম্মদ ও তানজিলা ফেরদৌস।
আলোচনায় কাজল রশীদ শাহীন বলেন, ফররুখ আহমদ নিয়ে আমাদের অনেকের মাঝে কুয়াশাচ্ছন্ন ধারনা আছে। এমন ধারনা নিয়ে অনেকে ফররুখ আহমদকে মূল্যায়ন করছে।
যা তার প্রতি অন্যায্য আচরণ। ফররুখ যে মানের কবি তাকে নিয়ে আলোচনা করতে আমাদের আরও সতর্ক হতে হবে।
বিশেষ করে আহমদ ছফার কলাম 'কবি ফররুখ আহমদের কি অপরাধ' লেখাটি অনেক প্রশ্নের জবাব হাজির করে। তা সবার পড়া দরকার।
অধ্যাপক খোরশেদ আলম বলেন, বাস্তবে ফররুখের উপর যে অভিযোগ করা হয়, তা অনেকের মধ্যেই ছিলো, অথচ তারা চরিত্র বদল করে ফররুখের গায়ে কালিমা লাগানোর চেষ্টা করেছেন; আহমদ ছফা এর সুন্দর জবাব দিয়েছেন।
বলেছেন ফররুখ আহমদ সাহিত্যের অথৈ দরিয়া, যেখানে সাহিত্য-উত্তরসূরিরা সাঁতরে বেড়ানোর পয়গাম খুঁজে পাবেন; ফররুখ লিখেছেন, 'রাত পোহাবার কতো দেরি, পাঞ্জেরি;' তিনি উত্তরও দিয়েছেন, 'তোরা চাসনে কিছু/ কারো কাছে/ খোদার মদদ ছাড়া, তোরা পরের উপর ভরসা ছেড়ে/ নিজের পায়ে দাঁড়া; জুলাই অভ্যুত্থানের পর এই চিন্তা অনেক প্রাসঙ্গিক।
জাকসু সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি বলেন, মাজলুম ও শোষিতের কবি ফররুখ আহমদ স্বরণে আলোচনা সভা ও আবৃত্তি সন্ধ্যার আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু), উক্ত আয়োজনে দেশের প্রবীণ ও নবীন অনেক কবিরা কবি ফররুখ আহমদের নানা গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করেছেন।
বহু বছর ধরে কবিকে ভিন্নদেশপন্থী বলে যে ট্যাবুগুলো তৈরী করা হয়েছিলো সেগুলো যে ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত তা এই জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা দেখতে পেরেছে বলে আশা করি।
উল্লেখ্য, কবি ফররুখ আহমদ ১০ই জুন ১৯১৮ সালে মাগুরায় জন্মগ্রহণ করেন এবং ১৯শে অক্টোবর ১৯৭৪ সালে ঢাকায় পরলোকগমন করেন। এই বাঙালি কবি 'মুসলিম রেনেসাঁর কবি' হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি বাংলা কাব্যজগতের সর্বাধিক সনেট রচয়িতা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/