আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের প্রয়াত শিক্ষার্থী আফসানা করিম রাচি’র স্মৃতি স্মরণে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইট থেকে শহিদ মিনার পর্যন্ত সড়কের নামকরণ করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) বেলা সাড়ে বারোটার দিকে দোয়া ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে এ সড়কের নাম ফলক উন্মোচন করা হয়।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ক্ষতিপূরণের জন্য সকল প্রস্তাব প্রত্যাখান করে মানবিকতার অসাধারণ উদাহরণ সৃষ্টি করেছে আফসানা করিম রাচি’র পরিবার এবং তাদের একমাত্র দাবি ছিলো যাতে আর এ রকমভাবে কোনো প্রাণ ঝরে না যায়।
সন্তানের অভিভাবক হওয়ার বিশাল যোগ্যতার নজিরবিহীন উদাহরণ রাচি’র বাবা-মা। উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন রাচি’র বাবা-মা’র প্রতি সম্মান জানাচ্ছে।
শিক্ষার্থীদের কথা বিবেচনা করে নিয়ন্ত্রণ ও নিয়ম-নীতির মধ্য দিয়ে অটোরিকশা চালু করার ব্যাপারেও সম্মতির কথা জানিয়েছে রাচি’র পরিবার। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান উপাচার্য।
ফলক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, আফসানা করিম রাচি’র বাবা-মা, জাকসু'র সহ-সভাপতি আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, পরিবহন ও যোগাযোগ সম্পাদক তানভীর রহমানসহ জাকসু’র অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থী ও রাচি’র পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছর ১৯ নভেম্বর সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন রাচি।
পরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও পরে মুমূর্ষু অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/