
‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা শ্রমিকদলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শহরের গোডাউন রোড এলাকার বশির ভিলা হলরুমে এ সভার আয়োজন করা হয়।
জামায়াতে ইসলামীর এক নেতার বক্তব্যকে ইঙ্গিত করে এ্যানি বলেন, একজন ইসলামী দলের বক্তা গতকাল যে বক্তব্য রেখেছেন, জনগণ এই বক্তব্যটা পছন্দ করেন নাই। একটা দলের নায়েবে আমীর, দায়িত্বশীল লোক, কীভাবে বলে ‘নো হাংকি পাংকি’। এটা কি রাজনৈতিক ভাষা হইলো?
বিএনপি নেতা বলেন, আমরা সাধারণ মানুষের পালস বুঝি, গ্রামে যাই, ঘরে ঘরে যাই, যাচ্ছি। বিএনপি সাধারণ মানুষের দল, গণ মানুষের দল, প্রেসিডেন্ট জিয়ার দল, সহজ স্বাভাবিক রাজনীতি, কঠিন কিছু না। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্র রাজনীতি করেছি।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির যুগ্ম-মহাসচিব বলেন, ঘরে ঘরে মা-বোনদের, প্রত্যেক পরিবারে আপনারা যাবেন, সালাম দিবেন। বেগম খালেদা জিয়ার সালাম দিবেন, তারেক রহমানের সালাম দিবেন, ধানের শীষের সালাম দিবেন, আমার সালাম দিবেন।
তিনি বলেন, আমরা যারা বিএনপি করি, যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, সকলের প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান আছে।
লক্ষ্মীপুর জেলা শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসান সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল হাশেম, বিএনপি নেতা নিজাম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলীম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন এবং জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন উপস্থিত ছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/