সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বিদায়ী পুলিশ সুপার মো. ফারুক হোসেনের বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সকালে পুলিশ লাইনসের শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে জেলা পুলিশের পক্ষ থেকে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিলের সঞ্চালনায় বিদায়ী অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মো. ফারুক হোসেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত অফিসার এবং ফোর্সগণ পুলিশ সুপার এর বর্ণাঢ্য পেশাগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন।
তাদের বক্তব্যে বিদায়ী অতিথির সফল কর্মময় জীবন ফুটে ওঠে। বক্তব্য প্রদানের সময় পুলিশ সদস্যরা অশ্রুসিক্ত নয়নে পুলিশ সুপার এর বিভিন্ন পেশাদারিত্ব এবং মানবিক গুণাবলীর কথা তুলে ধরেন।
বক্তারা বলেন, পুলিশ সুপার একজন সৎ, দক্ষ, মেধাবী অফিসার ছিলেন। তিনি অত্যন্ত সুনামের সাথে সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব পালনকালীন সময়ে পুলিশিং কার্যক্রমের পাশাপাশি দুর্যোগ মোকাবেলা-সহ সার্বিক বিষয়ে সিরাজগঞ্জবাসী সেবায় যেভাবে নিজেকে স্বতঃস্ফূর্তভাবে উজাড় করে দিয়েছেন তা সত্যিই অতুলনীয়।
বক্তারা গুণী এই পুলিশ কর্মকর্তার এহেন মানবিক কর্মকান্ডের ফলে তিনি সিরাজগঞ্জ জেলা পুলিশ এবং সিরাজগঞ্জবাসীর কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
সমাপনী বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য গৌরবের ও তৃপ্তির বিষয়।
দায়িত্ব গ্রহণের পর থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নৈতিকতার সাথে কাজ করে যাওয়ার চেষ্টা করেছি।
এই পথচলায় কারও প্রতি আমার আচরণ বা কাজে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে, আপনারা তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে প্রত্যাশা করছি।
শেষে পুলিশ সুপার সিরাজগঞ্জ জেলার সর্বস্তরের জনগণ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কর্মজীবন, পরিবার ও ভবিষ্যৎ শান্তিময় ও নিরাপদ হোক—এ মর্মে দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ হাফিজুর রহমান ।
এ সময় সিরাজগঞ্জ জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল থানার অফিসার ইনচার্জগণ ও সকল পদের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/