দেশে ক্যাডার ভিত্তিক রাজনীতি আমরা ভেঙে দিব: মাহফুজ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মোঃ মাহফুজ রহমান শামীম বলেছেন, বাংলাদেশে যে ক্যাডার ভিত্তিক রাজনৈতিক বলয় তৈরি হয়েছে সেই ক্যাডার ভিত্তিক রাজনীতি দিয়ে আমাদের দেশের আইনকে নিয়ন্ত্রণ করে সাম্য ও স্বাধীনতা অর্জন করা সম্ভব না। আমরা এই ক্যাডার ভিত্তিক রাজনীতি ভেঙে দেব।
শুক্রবার বিকেলে ট্রাক প্রতীক নিয়ে তার নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরুর কালে সিরাজগঞ্জ পৌর মুক্ত মঞ্চে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২০২৮ সাল থেকে গণঅধিকার পরিষদ যে আত্মত্যাগ করেছেন সঙ্গত কারণেই অন্য কোনো রাজনৈতিক দল তা করেনি।
এই আত্মত্যাগ আমরা বিফলে যেতে দিব না। এবং সেই ত্যাগকে সামনে রেখেই আমাদের অতীতের রাজনীতিতে যত ভুল ভ্রান্তি হয়েছে সেগুলো থেকে বের হয়ে এসে আমরা নতুন এক রাজনৈতিক ধারা সৃষ্টি করেছি গণঅধিকারের মাধ্যমে। সেটাকে আমরা সামনের দিকে নিয়ে যাব।
এসময় জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মমিন ফয়সাল, সদর উপজেলার আহ্বায়ক তরিকুল ইসলাম ও সদস্য সচিব আরিফ সরকার, কামারখন্দ উপজেলার আহ্বায়ক আনিস হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।



