সব জল্পনার অবসান ঘটিয়ে নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করেন। একই সঙ্গে জুলাইয়ে জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটেরও তফসিল ঘোষণা করা হয়।
দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার বা প্রার্থী হতে পারবেন কি না।
ইসি কর্মকর্তারা জানান, আইনানুগ যোগ্যতা বজায় থাকলে তিনি বিদেশে বসেই ভোটার হতে পারবেন এবং প্রার্থী হওয়াতেও কোনো বাধা নেই।
ভোটার তালিকা আইনের বিধান অনুযায়ী, কোনো বাংলাদেশি নাগরিক বিদেশে বসবাস করলে ফরম-২ পূরণ করে অনলাইনে বা দূতাবাসের মাধ্যমে বিদেশ থেকেই ভোটার নিবন্ধন করতে পারেন।
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে ইতোমধ্যে এ কার্যক্রম চলছে। আইনের ১৫ ধারা অনুযায়ী, কমিশন সময়োপযোগী আবেদন পেলে যোগ্য ব্যক্তিকে যেকোনো সময় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে। তাই তারেক রহমান চাইলে লন্ডন থেকেই ভোটার নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
যাদের ভোটার হতে বাধা—বাংলাদেশের নাগরিকত্ব হারানো, আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষণা, যুদ্ধাপরাধ বা বিশেষ ট্রাইব্যুনালে দণ্ডিত হওয়া ইত্যাদি। এসব আইনি বাধা তারেক রহমানের ক্ষেত্রে প্রযোজ্য না হলে নিবন্ধনে কোনো সমস্যা নেই।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, প্রার্থী চাইলে নিজে বা অনুমোদিত প্রস্তাবক–সমর্থকের মাধ্যমে স্বাক্ষরিত মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে পারেন।
দেশে উপস্থিত থাকা বাধ্যতামূলক নয়—ডাকযোগে বা প্রতিনিধির মাধ্যমে লন্ডনেই স্বাক্ষর করে পাঠানো সম্ভব।
সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক এবং বয়স ২৫ বছর পূর্ণ হলে সংসদ সদস্য হওয়ার যোগ্য। তবে বিদেশি নাগরিকত্ব গ্রহণ, দেউলিয়া হওয়া, নৈতিক স্খলনজনিত অপরাধে দুই বছর বা তার বেশি সাজাপ্রাপ্ত হয়ে পাঁচ বছর না পেরোনো, আদালতে ফেরারি থাকা—এসব কারণে প্রার্থী অযোগ্য হতে পারেন।
ইসি কর্মকর্তারা বলছেন, তারেক রহমান যদি যুক্তরাজ্যের নাগরিকত্ব গ্রহণ না করে থাকেন, তবে প্রার্থী হতে আইনগত বাধা নেই।
তারেক রহমান বিদেশেই প্রার্থী হবেন, নাকি দেশে ফিরে মনোনয়ন দেবেন—এ নিয়ে চলছে আলোচনা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, তারেক রহমান দেশে ফিরে ভোটার হবেন, এতে কোনো জটিলতা হবে না।
তফসিলের সময়সূচি
মনোনয়ন দাখিল: ২৯ ডিসেম্বর
বাছাই: ৩০ ডিসেম্বর–৪ জানুয়ারি
আপিল দাখিলের শেষ দিন: ১১ জানুয়ারি
আপিল নিষ্পত্তি: ১২–১৮ জানুয়ারি
প্রার্থিতা প্রত্যাহার: ২০ জানুয়ারি
প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি
প্রচার: ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/