মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধিঃ নিত্যপ্রয়োজনীয় পণ্য জনস্বার্থে আমদানি ও ক্রয়মূল্যে বিক্রির উদ্যোগ নিয়েছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের এই ব্যতিক্রমী উদ্যোগ সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং সাধারণ মানুষ এই কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানায়। মানুষের সেই দাবির প্রেক্ষিতে চট্টগ্রামে যাত্রা শুরু করেছে ফাউন্ডেশনের নতুন উদ্যোগ ‘আশ বাজার’।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর সিআরবিতে আনুষ্ঠানিকভাবে আশ বাজারের স্টলের উদ্বোধন করা হয়।
আশ বাজারের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন ও চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।
আশ বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি ও ক্রয়মূল্যে বিক্রি করা হচ্ছে। যেখানে বাজারে হুইল পাউডারের দাম ২৭৫ টাকা, সেখানে আশ বাজারে তা পাওয়া যাচ্ছে মাত্র ১৮০ টাকায়।
একইভাবে বাজারে ২৪০ টাকা দামের সাবান এখানে মিলছে ১৩০ টাকায়। সয়াবিন তেল বাজারে যেখানে ৯৬৫ টাকা, আশ বাজারে সেটি পাওয়া যাচ্ছে ৯০৫ টাকায়। এভাবে ১৫টির বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করা হচ্ছে।
উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য রয়েছে ফ্রি হোম ডেলিভারি সুবিধাও।
উদ্বোধনী অনুষ্ঠানে আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, উৎপাদনকারী থেকে আমরা যে দামে পণ্য সংগ্রহ করছি, মাঝখানে সব ধরনের মধ্যস্বত্বভোগী বাদ দিয়ে সরাসরি সেই পণ্য সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে চাই। উদ্বোধনী দিনেই আমরা ব্যাপক সাড়া পেয়েছি, আলহামদুলিল্লাহ।
উদ্বোধনী দিনে স্টলে আসা এক ক্রেতা বলেন, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন সবসময়ই সমাজের কল্যাণে কাজ করে। আশ বাজারের পণ্যগুলোর দাম কম, মানও ভালো। বাজারে এসব পণ্যের দাম অনেক বেশি।
আরেক ক্রেতা বলেন, ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে খুব ভালো লাগছে। এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হওয়া দরকার।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধাপে ধাপে দেশের বিভিন্ন এলাকায় আশ বাজার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/