পলাতক আসামি প্রার্থী হতে পারবেন না, বিশেষ পরিপত্র জারি ইসির

আপডেট: December 24, 2025 |
inbound1851984061239413843
print news

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ফেরারি বা পলাতক আসামিদের অযোগ্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) নতুন বিধান অনুযায়ী, কোনো ব্যক্তি যদি আইনের চোখে পলাতক বা ফেরারি হিসেবে বিবেচিত হন, তাহলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।

এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে চলমান বিভ্রান্তি দূর করতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) একটি বিশেষ পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন। পরিপত্রটি এরই মধ্যে দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়ন ফরম সংক্রান্ত কয়েকটি বিষয়ে স্পষ্টীকরণ দেওয়া হয়েছে।

বিশেষ পরিপত্রের প্রথম দফায় বলা হয়েছে, মনোনয়নপত্রের সংযুক্তি-১ এ উল্লিখিত প্রার্থী প্রদত্ত হলফনামায় ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে যারা জামিনে মুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে উপযুক্ত আদালত কর্তৃক জামিন লাভের সত্যায়িত অনুলিপি দাখিল করা ঐচ্ছিক হিসেবে বিবেচিত হবে। তবে যারা কারান্তরীণ, তাদের প্রদেয় হলফনামা সংশ্লিষ্ট জেল কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত হতে হবে।

দ্বিতীয় দফায় স্পষ্ট করা হয়, মনোনয়নপত্রের সংযুক্তি-১ এ বর্ণিত প্রার্থী প্রদত্ত হলফনামার অনুচ্ছেদ ৩(গ)-এ ‘অভিযুক্ত’ বলতে সেই আসামিকে বোঝাবে, যার বিরুদ্ধে আদালত কর্তৃক অভিযোগপত্রের ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে।

তৃতীয় দফায় বলা হয়েছে, মনোনয়ন ফরমের তৃতীয় অংশের ৪ নম্বর অনুচ্ছেদে নির্বাচনি ব্যয় নির্বাহের জন্য যে ব্যাংক হিসাব নম্বর উল্লেখ করতে হবে, তা প্রার্থী নিজে অথবা প্রার্থীর নিয়োজিত নির্বাচনি এজেন্টের ব্যাংক হিসাব হতে পারে।

চতুর্থ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ দফায় ‘পলাতক আসামি’র সংজ্ঞা নির্ধারণ করে বলা হয়েছে, পলাতক আসামি বলতে সেই ব্যক্তিকে বোঝাবে, যিনি জামিন পাওয়ার পর আদালতে হাজির না হয়ে আত্মগোপনে থাকেন অথবা যিনি শুরু থেকেই অনুপস্থিত থাকেন এবং সংশ্লিষ্ট আদালত কর্তৃক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির না হয়ে পলাতক অবস্থায় থাকেন।

ইসির এই ব্যাখ্যার মাধ্যমে ফেরারি ও পলাতক আসামিদের প্রার্থী হওয়া নিয়ে বিদ্যমান আইনি জটিলতা অনেকটাই দূর হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share Now

এই বিভাগের আরও খবর