ভোটের আগে জামায়াতকে একাত্তরের ভুলের জন্য মাফ চাইতে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনের গড়েয়া ইউনিয়নে নির্বাচনি গণসংযোগে কথা বলেন তিনি।
ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী আমাদের ওপর অনেক অত্যাচার করেছে। বাড়িঘর ছেড়ে চল গেছেন না ইন্ডিয়াতে, বাড়িঘর সবগুলো পুড়ায় দিছিল না।
আমার ঠাকুরগাঁও শহরের বাড়িটা ছাড়া কিচ্ছু ছিল না, পেট্রোল পাম্পের আন্ডারগ্রাউন্ডের ট্যাংক সেটাও তুলে নিয়ে গেছিল। আমার বাবার কনস্ট্রাকশন ব্যবসা ছিল ট্রাকগুলো- সেগুলোও তুলে নিয়ে গেছিল।
তিনি বলেন, এগুলো ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীরা করেছিল। তখন তাদেরকে কারা সহযোগিতা করেছিল সেটাও আমাদের জানা।
জামায়াত মাফ চাইছে এখন পর্যন্ত ১৯৭১ সালের জন্য- মাফটা চান, বলেন ভুল করছি ১৯৭১ সালে, তারপর জনগণের কাছে বলেন এবার আমাদেরকে ভোটটা দেন।
মাফ তো তারা চায় না; উল্টো আমাদের দোষারোপ করে আমরা কেন ৭১ সালে যুদ্ধ করলাম। যুদ্ধ করছি আমার দেশের জন্য, আমার মাটির জন্য- আমার দেশের স্বাধীনতার জন্য। আমি ঐ স্বাধীনতার জন্য আমার জীবন বিসর্জন দিতেও রাজি।
বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনে সততা পালিয়ে গেছে। আমরা চেষ্টা করছি সততা ধরে রাখতে। আপনার ভোট বড় আমানত। সেটা আমাকে দেবেন। কারণ আমি আপনাদের চেনা লোক।
পড়াশোনার পাশাপাশি সঠিক প্রশিক্ষণের মাধ্যমে ছাত্রদের ভবিষ্যৎ গড়ার কথাও নির্বাচনি গণসংযোগে বলেছেন মির্জা ফখরুল।
তিনি বলেন, আমরা ভিক্ষা আর দয়ায় বাঁচতে চাই না, কাজ করে বাঁচতে চাই। সেজন্য প্রশিক্ষণ নিতে হবে। আমাদের ছেলেগুলো শুধু পড়াশোনা করে এমএ-বিএ পাশ করতে চায়, কিন্তু পাশ করে চাকরি মিলেনা।
প্রশিক্ষণ নিয়ে বাইরের দেশে গিয়ে ভালো আয় করা সম্ভব। ছাত্রদের ওইদিকে মনযোগী করতে হবে। সঠিক পথে যেতে হবে। এতে আমাদের উন্নতি হবে।
মির্জা ফখরুল বলেন, আপনারা অতীতে ভোট দিয়েছেন এবারও দেবেন। আমরা রাজনীতি করে ব্যবসা করি না। বাপের জমিজমা বিক্রি করে রাজনীতি করি। বাপের জমিজমা যা ছিল অর্ধেক শেষ। এটাই আমার শেষ নির্বাচন, আপনারা আমাকে সুযোগ করে দেবেন।
ঠাকুরগাঁও জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/