চট্টগ্রামে মহানায়ক মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী পালন

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা, সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার প্রকাশ মহানায়ক মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামস্থ মান্না ফাউন্ডেশনের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নগরীর মান্না ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মোহাম্মদ রেজাউল করিম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্না ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ এনামুল হক মিঠু।
সভাপতির বক্তব্যে এনামুল হক মিঠু বলেন, “নায়ক মান্না শুধু একজন মেধাবী অভিনয়শিল্পীই ছিলেন না; তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের এক দুঃসময়ের কান্ডারী।
৯০-এর দশক থেকে ২০০০-এর দশকের শুরু পর্যন্ত যখন চলচিত্র শিল্প সংকটে ছিল, তখন সুস্থ ও সামাজিক চলচ্চিত্র উপহার দিয়ে তিনি দর্শকদের হলমুখী করেছিলেন।
চলচ্চিত্রের ইতিহাসে তার অবদান চিরকাল অম্লান হয়ে থাকবে।”
অনুষ্ঠানে সাধারণ সম্পাদক রাকিব হোসাইন নবগঠিত গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন জানিয়ে চলচ্চিত্র অঙ্গনের সংস্কার ও স্মৃতিরক্ষায় বিশেষ দাবি তুলে ধরেন।
তিনি বলেন, “আমরা নবনির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যেন এফডিসিতে নায়ক মান্নাসহ চলচ্চিত্রের দিকপালদের স্মৃতি সংরক্ষণে ম্যুরাল বা স্মৃতি কর্নার স্থাপন করা হয় একইসঙ্গে ১৮ বছর ধরে ঝুলে থাকা চিকিৎসকদের অবহেলা ও অপচিকিৎসায় মান্নার মৃত্যু সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি ও ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।”
স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক হিরো সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা মহানায়ক মান্নার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। মান্না দুই দশকের বেশি সময় ধরে প্রায় তিন শতাধিক চলচ্চিত্র উপহার দিয়েছেন।
তাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পরিচিত করতে পাঠ্যপুস্তকে তার জীবনী অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
আলোচনা সভা শেষে মহানায়ক মান্নার বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ দিদারুল আলম নিজামী এবং হাফেজ মাওলানা মিজানুর রহমান। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং মান্না ভক্তরা উপস্থিত ছিলেন।
















