১৪৪৭ হিজরির পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। কাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশটিতে পবিত্র রোজা শুরু হচ্ছে।
দেশটির প্রেসিডেন্টিয়াল কোর্ট জানিয়েছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হচ্ছে। সৌদি আরবের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতও রমজানের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে। খবর গাল্ফ নিউজের।
প্রতিবেদন মতে, সৌদি আরবে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সূর্যাস্ত হয় সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দেশটির পূর্ব প্রদেশের কর্তৃপক্ষ জানান, ১৪৪৭ হিজরির রমজানের চাঁদ দেখা শুরু হয়েছে। চাঁদ দেখা দলগুলো আকাশ পর্যবেক্ষণ করছেন যাতে পবিত্র মাসের শুরু নিশ্চিত করা যায়।
কয়েক মিনিট পরই চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ। জানানো হয়, বুধবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান। ফলে দেশটির মুসলিমরা আজ রাতে প্রথম তারাবির নামাজ আদায় করবেন এবং শেষ রাতে সেহরি খাবেন।
রমজানকে স্বাগত জানাতে মক্কা ও মদিনা শহরকে ব্যাপক আলোকসজ্জায় সাজানো হয়েছে।
উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর মধ্যে প্রথম হিসেবে রমজান শুরুর ঘোষণা দেয় ওমান। দেশটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে ১৪৪৭ হিজরি সনের রমজান মাস শুরু হবে। অর্থাৎ ওইদিন রোজা শুরু হবে।
বাংলাদেশে আগামীকাল বুধবার চাঁদ দেখা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে বাংলাদেশে রমজান শুরু হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/