ছিনতাইকারী সন্দেহে দু’জনকে পিটিয়ে হত্যা

আপডেট: February 20, 2026 |
inbound6112558189975024896
print news

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে দুজন নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার খোদ্দকোমরপুর ইউনিয়নের মোজাহিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) ও মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)। তাঁদের পরিচয় নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান।

পুলিশ ও স্থানীয় একাধিক বাসিন্দার সূত্রে জানা গেছে, ভোর সাড়ে চারটার দিকে এক নারী তাঁর এক আত্মীয়কে সঙ্গে নিয়ে ঢাকা থেকে পলাশবাড়ী উপজেলার ঠুটিয়াপুকুর এলাকায় দূরপাল্লার একটি বাস থেকে নামেন। সেখান থেকে সাদুল্লাপুর–ঠুটিয়াপুকুর সড়ক ধরে সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট খেয়াঘাট (ভাঙা সেতু) এলাকায় পৌঁছালে তিনজন ছিনতাইকারী তাঁদের পথরোধ করে।

ভুক্তভোগীদের অভিযোগ, ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইকারীরা তাঁদের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে।

ধাওয়া খেয়ে ছিনতাইকারীরা মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে। তবে মোজাহিদপুর এলাকায় গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে ছিটকে পড়ে। এরপর স্থানীয় লোকজনের মারধরে ঘটনাস্থলেই দু’জন মারা যায়। অপর একজন কৌশলে পালিয়ে যায়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে সাদুল্লাপুর থানার ওসি আবদুল আলিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে দুজনের মরদেহ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর