রুমিন ফারহানাকে শহীদ মিনারে ফুল দিতে বাধা, বিএনপি নেতাসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট: February 22, 2026 |
inbound4951419149200027330
print news

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা ও কর্মীদের মারপিটের অভিযোগে ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের মধ্যে অধিকাংশই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী রয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আহাদ নামে রুমিন ফারহানার এক কর্মী সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে প্রধান আসামি করে মামলাটি করেন। সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া এ তথ্য জানান।

মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৪০-১৫০ জনকে আসামি করা হয়েছে।

অভিযুক্ত বিএনপি নেতা আনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, এ ধরনের কোনো ঘটনার সঙ্গে তিনি জড়িত নন এবং মামলা সম্পর্কেও অবহিত নন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, মামলার এজাহারে পাঁচজনের নাম উল্লেখ রয়েছে। পাশাপাশি ১৪০-১৫০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গতকাল শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিজ সংসদীয় এলাকায় শহীদ মিনারে ফুল দিতে গিয়ে লাঞ্ছিত হন সংসদ সদস্য রুমিন ফারহানা। এ সময় তার কর্মীদের মারধরেরও অভিযোগ ওঠে। এ পরিস্থিতিতে শ্রদ্ধা নিবেদন না করেই তাকে ফিরে যেতে হয়।

এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে সরাইলের শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন রুমিন ফারহানার কর্মী-সমর্থকরা। এতে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে।

Share Now

এই বিভাগের আরও খবর