সেলুনে সেভ করে বের হতেই যুবকের আকস্মিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন সিঅ্যান্ডবি মোড় এলাকায় সেলুনে সেভ করার পরপরই সন্তোষ চক্রবর্তী (৩৮) নামে এক ব্যক্তির আকস্মিক মৃত্যু হয়েছে।
গতকাল ২৮ ফেব্রুয়ারি (শনিবার) বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্তোষ চক্রবর্তী সিঅ্যান্ডবি মোড় এলাকার একটি সেলুনে সেভ করতে যান। সেভ শেষ করে দোকান থেকে বের হওয়ার পরপরই তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাত্র ৫ থেকে ৬ মিনিটের মধ্যেই তিনি নিস্তেজ হয়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সন্তোষ চক্রবর্তী চট্টগ্রামের রাউজান উপজেলার কুইপাড়া এলাকার মিন্টু চক্রবর্তীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গ্রামের বাড়িতে কৃষিখাতে কাজ করে আসছিলেন বলে জানা গেছে।
প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে (ম্যাসিভ হার্ট অ্যাটাক) মৃত্যুবরণ করেছেন।
তবে হাসপাতালের আনুষ্ঠানিক প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এদিকে, ভর সন্ধ্যায় এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।
চান্দগাঁও থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে তারা অবগত এবং পরিবারের সাথে যোগাযোগ রক্ষা করছে।












