শাহজাদপুরে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

আপডেট: March 2, 2026 |
inbound4404425958770998446
print news

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে জমিতে সেচ দেয়া নিয়ে কথা কাটাকাটির জেরে একই গ্রামের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের শাহজাদপুর এবং সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার বেলা ১১টার দিকে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে এ সংঘর্ষ হয়। উভয় পক্ষ হাঁসুয়া, ফালা নিয়ে সংঘর্ষে
জড়িয়ে পড়ে। খবর পেয়ে শাহজাদপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, এ দিন সকালে চরাচিথুলিয়া গ্রামের মাঠের মধ্যে রহমান সরকারের স্কিম থেকে দানেজ সরকারের জমিতে সেচের পানি চাইলে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

কথা-কাটাকাটির একপর্যায়ে রহমান সরকার ও দানেজ সরকারের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে মাঠের মধ্যেই দুই গ্রুপের নারী-পুরুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে স্কিম পরিচালক আব্দুর রহমান, আজমত সরকার, লুৎফর সরকার, আনিস সরকার, ইসমাইল সরকার, লিমন সরকার, রাজ্জাক সরকার, মঞ্জেলা খাতুন, রাজিয়া খাতুন, দানেজ সরকার, আল আমিন, সোহেল, আকরাম, শুকুর, হাফিজা খাতুনসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্স এবং সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্কিম পরিচালক আব্দুর রহমান জানান, দানেজ সরকারের জমিতে ইতোমধ্যেই দুইবার সেচ দেয়া হয়েছে। কিন্তু লাঙ্গল দিয়ে চাষ না করায় প্রতিবারই পানি শুকিয়ে গেছে।

আবারও ট্রাক্টর না এনে ফের পানি চাইলে নিষেধ করা হলে ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। পরে বাড়ির অন্যরা ঠেকাতে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়েছে।

অপরদিকে দানেজ সরকার জানান, তিনি তার জমিতে সেচ চাচ্ছেন সকাল থেকেই। সেচ না দিয়ে বকাঝকা করতে থাকে রহমান। তিনি বকাবকি করতে নিষেধ করায় হামলা পরে।

শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, জমিতে সেচ দেয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষ হয়েছে।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর