‘মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার’

আপডেট: March 3, 2026 |
inbound3880820158440008120
print news

মধ্যপ্রাচ্যে চলমান সংকটে বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশের অবস্থান স্পষ্ট। ওই অঞ্চলে অবস্থানরত নাগরিকদের স্বার্থ ও নিরাপত্তা রক্ষা করাই সরকারের প্রথম অগ্রাধিকার।

তিনি উল্লেখ করেন, “আমাদের নাগরিকরা কাঁটাতারের এপাশে বা ওপাশে যেখানেই থাকুন, ক্ষতিগ্রস্ত হলে আমরা তাদের পাশে থাকব। আমাদের সর্বোচ্চ জাতীয় স্বার্থ হলো আমাদের জনগণ।”

ড. খলিলুর রহমান আরও জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাস ও কর্মরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে কাজ করছে। সংকটের শুরু থেকেই প্রবাসী কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

মন্ত্রী বলেন, তিনি কুয়েত, বাহরাইন ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছেন। আলোচনায় সংশ্লিষ্ট দেশগুলো বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আশ্বস্ত করেছেন।

তিনি আশা প্রকাশ করেন, আর কোনো বাংলাদেশি সংঘাতের শিকার হবেন না। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে প্রস্তুত।

তিনি পুনর্ব্যক্ত করেন, “যুদ্ধ বা সংঘাত কখনও সমাধান বয়ে আনে না। সংলাপ ও কূটনীতির মাধ্যমে দ্রুত শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করি।”

বর্তমান পরিস্থিতিতে সাময়িকভাবে আটকে পড়া সম্ভাব্য অভিবাসী কর্মীদের বিষয়ে মন্ত্রী জানান, প্রয়োজনীয় আলোচনা ইতোমধ্যে হয়েছে এবং আকাশপথ স্বাভাবিক হলে তাদের যাত্রার ব্যবস্থা করা হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক, এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

বৈঠকটি মধ্যপ্রাচ্যের ক্রমবিকাশমান পরিস্থিতি এবং এর প্রভাব—বিশেষ করে বিমান চলাচল, প্রবাসী কল্যাণ ও আঞ্চলিক নিরাপত্তা—পর্যালোচনায় অনুষ্ঠিত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর