ঈদের ছুটি হতে পারে টানা ৭ দিন

আপডেট: March 5, 2026 |
inbound539195109993636473
print news

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত ছুটির সঙ্গে আরও একদিন ছুটি যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবটি অনুমোদন পেলে এবার ঈদে টানা সাত দিনের ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ঈদের আগে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণার প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উপস্থাপন করা হবে। প্রস্তাবটি অনুমোদন পেলে ঈদ উপলক্ষে মোট ছুটি দাঁড়াবে সাত দিন।

সূত্র জানায়, ঈদের পরে ছুটি দিলে ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং পরবর্তী শুক্র ও শনিবার মিলিয়ে দীর্ঘ ছুটির সৃষ্টি হতে পারে। এ কারণে জনগণের সুবিধা বিবেচনায় ঈদের আগে ছুটি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে জনপ্রশাসন মন্ত্রণালয় আগেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটির পরিকল্পনা নির্ধারণ করে রেখেছে।

এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকবে। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে।

এর সঙ্গে যদি ১৮ মার্চও ছুটি ঘোষণা করা হয়, তাহলে ঈদের আগে টানা চার দিনের ছুটি হবে। কারণ ১৭ মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি থাকার কথা রয়েছে। ফলে ঈদের দিনসহ পরবর্তী দুই দিন মিলিয়ে এবার ঈদের মোট ছুটি সাত দিনে পৌঁছাতে পারে।

Share Now

এই বিভাগের আরও খবর