খামেনির মৃত্যুতে শোক জানাল ভারত

আপডেট: March 6, 2026 |
inbound2270724001221915856
print news

আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ছয় দিন পর শোক জানিয়েছে ভারত। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লিখেছেন, ‘সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ভারতের জনগণ ও সরকারের পক্ষে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ইরানের দূতাবাসে গিয়ে শোকবইয়ে সই করেছেন।’

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠকের একটি ছবিও এক্স হ্যান্ডলে প্রকাশ করেছেন জয়সোয়াল।

এর আগে বৃহস্পতিবার দুপুরেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেছেন। এস জয়শঙ্কর নিজের এক্স হ্যান্ডলে কথা বলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাঁদের মধ্যে কী কথা হয়েছে, তা জানা যায়নি।

গত শনিবার ভোরে আয়াতুল্লাহ খামেনি নিহত হন। ইরান ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বেশ গভীর। কিন্তু খামেনির মৃত্যুর পর ভারতীয় প্রধানমন্ত্রী কোনো প্রতিক্রিয়া না দেখানোয় এ নিয়ে বেশ সমালোচনা হয়।

ইরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদি। তবে এই হামলার ঘটনায় এখনো নিন্দা জানিয়ে ভারতের পক্ষ থেকে কোনো বার্তা দেওয়া হয়নি।

Share Now

এই বিভাগের আরও খবর