জয়পুরহাটে ছাত্রশিবিরের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবসের শিক্ষা শীর্ষক সেমিনার

জয়পুরহাট প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান এবং সত্য-মিথ্যার পার্থক্যকারী ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ‘ঐতিহাসিক বদর দিবসের শিক্ষা’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জয়পুরহাট জেলা শাখা।
শনিবার দুপুর ২টায় জয়পুরহাট শহরের ইবরাহীম ম্যানশনে অবস্থিত জেলা শিবিরের কার্যালয়ের হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন তিলাওয়াত ও সমবেত ইসলামী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সেমিনারের আনুষ্ঠানিকতা শুরু হয়।
জয়পুরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. তারেক হোসেনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. আশরাফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের দিনাজপুর শহর শাখার সাবেক সভাপতি মাওলানা রেজুয়ানুল ইসলাম।
বদর দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ঐতিহাসিক বদর প্রান্তর আমাদের এই শিক্ষাই দেয় যে, বাতিলের শক্তি সংখ্যায় বা অস্ত্রে যত বড়ই হোক না কেন, মজবুত ঈমান ও আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল থাকলে বিজয় সুনিশ্চিত।
বদর যুদ্ধ শুধু ইতিহাসের একটি ঘটনা নয়, এটি কেয়ামত পর্যন্ত সত্য ও মিথ্যার চূড়ান্ত পার্থক্যকারী।
আজকের সমাজে যে অন্যায়, জুলুম ও অপসংস্কৃতি চলছে, তা রুখে দিয়ে একটি ইনসাফভিত্তিক ইসলামী সমাজ বিনির্মাণে ছাত্রসমাজকে বদরের চেতনায় উজ্জীবিত হতে হবে।”
সভাপতির বক্তব্যে জয়পুরহাট জেলা সভাপতি মো. তারেক হোসেন বলেন, “বদর দিবসের মূল শিক্ষা হলো ধৈর্য, তাকওয়া এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস। আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দিতে হলে ইসলামী ছাত্রশিবিরের প্রত্যেক জনশক্তিকে বদরের সেই অকুতোভয় সাহসিকতা নিজেদের ব্যক্তিজীবনে ধারণ করতে হবে।
রমজানের এই পবিত্র মাসে আমাদের বেশি বেশি কুরআন অধ্যয়ন ও আমল করে নিজেদের প্রস্তুত করতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা শাখার অফিস সম্পাদক তারেক ইসলাম, বায়তুলমাল সম্পাদক মোরশেদুল ইসলাম, সাহিত্য সম্পাদক ফরহাদ হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক নাহিদুল ইসলাম, এইচআরডি ও পাঠাগার সম্পাদক ইমরান হোসেন, প্রকাশনা সম্পাদক আজিজুল হক রিফাত এবং আইন সম্পাদক হাফেজ রুহুল আমিন।
সেমিনারে বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষা, তাকওয়া অর্জন এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে চরিত্র গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
প্রচার ও মিডিয়া বিভাগ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
জয়পুরহাট জেলা শাখা।




