জুলাইয়ের হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করব: নাহিদ ইসলাম

সারা দেশের জুলাইয়ের যে সব নারী কণ্ঠস্বর হারিয়ে গিয়েছে আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করব- বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম।
রবিবার (০৮ মার্চ) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় নারীশক্তির’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সংগঠনটির আহ্বায়ক পদে রয়েছেন মনিরা শারমিন ও সদস্য সচিব ডা. মাহমুদা মিতু। এছাড়া মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন নুসরাত তাবাসসুম।
অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, সারা দেশের জুলাইয়ের যে সব নারী কণ্ঠস্বর হারিয়ে গিয়েছে আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করব। জাতীয় নারীশক্তি আবারও তাদের সামনে নিয়ে আসবে। জুলাই পরবর্তী সময়ে নারীরা কেন সম্মুখভাগ থেকে সরে গিয়েছে, এটা নিয়ে নানা প্রশ্ন আছে। এটার দায় আমাদেরও। এখনও যারা রাজনীতিতে আছে তারা এতটা সাইবার বুলিংয়ের স্বীকার হয়েছে যে, তারা পিছিয়ে যেতে বাধ্য হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বৈষম্যহীন নারী অধিকার মর্যাদা আদায়ে কাজ করবে সংগঠনটি। এনসিপির সহযোগী সংগঠন হলেও জাতীয় নারীশক্তি স্বাধীনভাবে কাজ করবে বলে জানান নাহিদ ইসলাম।
এসময় চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।















