আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় নিহত ৪০০

আপডেট: March 17, 2026 |
inbound7669258907971407990
print news

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদক পুনর্বাসনকেন্দ্রে অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। এতে অন্তত ৪০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তান সরকার।

মঙ্গলবার (১৭ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আফগানিস্তানের তালেবান সরকারের ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বলেছেন, কাবুলের ওমর অ্যাডিকশন ট্রিটমেন্ট হাসপাতালে স্থানীয় সময় রাত ৯টায় এই হামলা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, হাসপাতালটি দুই হাজার শয্যাবিশিষ্ট। বিমান হামলায় হাসপাতালের বেশিরভাগ অংশ ধ্বংস হয়েছে।

হামদুল্লাহ ফিতরাত আরও লিখেছেন, দুর্ভাগ্যবশত নিহতের সংখ্যা এখন পর্যন্ত ৪০০-তে পৌঁছেছে। সেই সঙ্গে আহত হয়েছে ২৫০ জন। বর্তমানে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। তারা আগুন নেভাতে কাজ করছেন এবং মরদেহ উদ্ধারে কাজ চলছে।

স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা যায়, দমকলবাহিনীর কর্মীরা আগুন নেভাতে হিমশিম খাচ্ছে। বার্তাসংস্থা এএফপিকে হাসপাতালের একজন নিরাপত্তাকর্মী ওমিদ স্টানিকজাই বলেন, হামলার আগে তিনি আকাশে বিমান মহড়ার বিকট আওয়াজ শুনেছেন।

তিনি বলেছেন, আমাদের চতুর্দিকে সামরিক ইউনিট ছিল। যখন সামরিক ইউনিট বিমানকে লক্ষ্য করে গুলি ছোড়ে তখন বিমান থেকে বোমা ফেলা হয়। এরপর ভবনে আগুন ধরে যায়। হতাহতদের সবাই বেসামরিক বলে জানান তিনি।

আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, কাবুলের নবম পুলিশ জেলায় অবস্থিত একটি মাদকাসক্তদের চিকিৎসা কেন্দ্র লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

তবে পাকিস্তান এই দাবিকে মিথ্যা এবং জনমতকে বিভ্রান্ত করার লক্ষ্যে অভিযোগ বলে উড়িয়ে দিয়েছে। দেশটি বলেছে, তারা সোমবার কেবল কাবুল এবং নানগাহার প্রদেশে সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, পাকিস্তানি সেনাবাহিনী কাবুল এবং পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশে সামরিক স্থাপনা লক্ষ্য করে ‘নির্ভুল বিমান হামলা চালিয়েছে’।

Share Now

এই বিভাগের আরও খবর