প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিতে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে স্বপ্ন

আপডেট: March 17, 2026 |
mob 5
print news

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সেবামূলক রিটেইল চেইন হিসেবে এ. সি. আই. লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন) সর্বাবস্থায় সাধারণ মানুষের দোরগোড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। এই দীর্ঘ পথচলায় দেশের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যম যে সহযোগিতা প্রদান করে আসছে, তার জন্য প্রতিষ্ঠানটি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

সোমবার (১৬ মার্চ)  পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বপ্ন সর্বদা প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশৃঙ্খল কর্পোরেট সুশাসন নীতি অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ। এরই ধারাবাহিকতায় সম্প্রতি একটি প্রশাসনিক বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা প্রয়োজন বলে মনে করছে কর্তৃপক্ষ। গত ৮ মার্চ ২০২৬ তারিখে প্রতিষ্ঠানটির মিডিয়া অ্যান্ড পিআর ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামান মিলু ইমেইলের মাধ্যমে মানবসম্পদ বিভাগকে নিজের পদত্যাগপত্র প্রদান করেন। তবে দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন না করেই তিনি পরবর্তীতে কর্মস্থল থেকে নিরুদ্দেশ হয়ে যান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মিলুর প্রস্থানের পর দায়িত্ব পালনকালীন সময়ের কিছু সম্ভাব্য আর্থিক অসংগতি ও অভিযোগের প্রাথমিক তথ্য কর্তৃপক্ষের নজরে আসে। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনার পর এ. সি. আই. লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন) বিষয়টি খতিয়ে দেখতে একটি আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রক্রিয়া চলাকালীন স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে মোহাম্মদ কামরুজ্জামান মিলুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তদন্তের চূড়ান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

উল্লেখ্য, ২০২৪ সালের রমজান মাসে তেজগাঁও কার্যালয়ে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় স্বপ্ন-এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বিজ্ঞাপন ও জনসংযোগ সংক্রান্ত যোগাযোগের বিষয়ে দিকনির্দেশনা দিয়েছিলেন। উক্ত সভায় তিনি উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিদের জানান, স্বপ্ন-এর বিজ্ঞাপন ও জনসংযোগ সংক্রান্ত বিষয়ে মো: আতিকুর রহমান, লিড – মার্কেটিং বাজেট অ্যান্ড কমিউনিকেশন অপারেশন্স অথবা মো. মাহাদী ফয়সাল, ডেপুটি ডিরেক্টর, ক্যাটাগরি গ্রোথ অ্যান্ড ইএসজি-এর সাথে যোগাযোগ করতে হবে।

এমতাবস্থায় স্বপ্ন সংক্রান্ত যে কোনো বিজ্ঞাপন, জনসংযোগ বা তথ্য আদান-প্রদানের প্রয়োজনে সংশ্লিষ্ট সকলকে মোহাম্মদ কামরুজ্জামান মিলুর সাথে যোগাযোগ না করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এর পরিবর্তে উপরে উল্লেখিত দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করার জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পুনরায় অনুরোধ করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর