তারেকুজ্জামান, ফিনল্যান্ড প্রতিনিধি: যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফিনল্যান্ডে উদযাপিত হয়েছে প্রবাসী বাংলাদেশিদের ঈদুল ফিতরের জামাত।
রাজধানী হেলসিঙ্কি, এস্পো এবং ওলুসহ দেশের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয় একাধিক ঈদের জামাত, যেখানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
ফিনল্যান্ডের এস্পো ও ওলু শহরে ঈদ উদযাপন ঘিরে ছিল ভিন্ন এক আবহ। ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এসব জামাতে অংশ নেন বিভিন্ন বয়স ও পেশার মানুষ, যা প্রবাসে এক অনন্য মিলনমেলার রূপ নেয়।
এস্পো মুসলিম সেন্টারের আয়োজনে দুইটি জামাত, বাংলাদেশ কেন্দ্রীয় মসজিদের ব্যবস্থাপনায় তিনটি, ওলুতে ইসলামিক সোসাইটি অব নর্দানের আয়োজনে একটি, দারুল আমান ইসলামিক সেন্টারের উদ্যোগে দুইটি এবং বাংলাদেশ ইসলামিক সেন্টারের আয়োজনে একটি জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময়ে মেতে ওঠেন প্রবাসীরা। দেশের বাইরে থেকেও এমন মিলনমেলা যেন সবার মনে করিয়ে দেয় বাংলাদেশের ঈদের চিরচেনা আবহ।
অনুষ্ঠানে ছিল মিষ্টান্নসহ বিভিন্ন খাবারের আয়োজন এবং শিশুদের জন্য চকলেট ও উপহার বিতরণ। পরিবার-পরিজন নিয়ে অংশ নেওয়া প্রবাসীরা আনন্দ ভাগাভাগি করেন একে অপরের সঙ্গে।
শিশুদের জন্য রাখা হয় বিভিন্ন রাইড ও খেলাধুলার ব্যবস্থা, যা ছোটদের ঈদ আনন্দকে করে তোলে আরও রঙিন। রৌদ্রজ্বল সুন্দর আবহাওয়া পুরো আয়োজনকে করে তোলে প্রাণবন্ত ও উৎসবমুখর।
প্রবাসীদের মতে, ধর্মীয় আচার পালনের পাশাপাশি এমন আয়োজন তাদের মধ্যে সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। ইনডোর স্টেডিয়ামের পাশাপাশি খোলা জায়গাতেও তারা উপভোগ করেন ঈদের আনন্দ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/