নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফুটবল খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার রায়েরটেক গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই ভাইয়ের নাম আদনান (১০) ও আব্রাহাম (৭)। তাদের বাড়ি কুষ্টিয়ায়। তাদের বাবা জিয়াউর রহমান সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে চাকরি করেন। তাঁর পরিবার চার বছর ধরে সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক গ্রামে একটি ভাড়া বাসায় থাকে। শিশু দুটি কাঁচপুর পুরান বাজারের আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) মাদ্রাসার ছাত্র ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের পুকুরপাড়ে দুই ভাই ফুটবল খেলতে যায়। খেলতে খেলতে বলটি পুকুরে পড়ে। পুকুর থেকে বল তুলতে গিয়ে দুজনেই পানিতে তলিয়ে যায়। পরে পুকুর থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার করে এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শী রনি হোসেন জানান, পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুই শিশুর বাবা জিয়াউর রহমান জানান, লাশ দুটি কুষ্টিয়ায় দাফন করা হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/